নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ রাত ০৬:০০:২১
দুদকের ২২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে র্যাকের শুভেচ্ছা
দুর্নীতি দমন কমিশনের (দুদক) ২২তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কমিশনের সকল কর্মকর্তা-কর্মচারী এবং দুর্নীতিবিরোধী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত সবাইকে শুভেচ্ছা জানিয়েছে দুদক বিটে কর্মরত সাংবাদিকদের সংগঠন রিপোর্টার্স অ্যাগেইনস্ট করাপশন (র্যাক)।
শনিবার এক বিবৃতিতে র্যাকের সভাপতি শাফি উদ্দিন আহমদ এবং সাধারণ সম্পাদক তাবারুল হক এই শুভেচ্ছা জানান।
বিবৃতিতে র্যাক নেতারা বলেন, দুর্নীতি একটি রাষ্ট্র ও সমাজের অগ্রগতি, ন্যায়বিচার, সুশাসন ও জনমানুষের অধিকার প্রতিষ্ঠার অন্যতম প্রধান অন্তরায়। দুর্নীতির বিরুদ্ধে কার্যকর প্রতিরোধ গড়ে তুলতে দুদকের স্বাধীন, নিরপেক্ষ, দৃঢ় ও জবাবদিহিমূলক ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। পাশাপাশি দুর্নীতির বিরুদ্ধে জনসচেতনতা সৃষ্টি, তথ্যভিত্তিক অনুসন্ধানী সাংবাদিকতা এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলাও অপরিহার্য।
র্যাক বিশ্বাস করে, দুর্নীতির বিরুদ্ধে লড়াই কেবল আইন প্রয়োগকারী সংস্থার একক দায়িত্ব নয়; বরং এটি রাষ্ট্র, গণমাধ্যম ও নাগরিক সমাজের সম্মিলিত দায়িত্ব। সত্যনিষ্ঠ সাংবাদিকতা, স্বচ্ছতা ও জবাবদিহি প্রতিষ্ঠার মাধ্যমেই একটি বৈষম্যহীন, ন্যায়ভিত্তিক ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।
বিবৃতিতে দুদকের ২২ বছরের পথচলা আগামী দিনে আরও গতিশীল, কার্যকর ও জন-আস্থার প্রতীক হয়ে উঠবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়। একই সঙ্গে দুর্নীতি দমন, নিয়ন্ত্রণ ও প্রতিরোধে কমিশনের প্রতিটি উদ্যোগের সফলতা কামনা করে দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি।