ফকির আতিয়ার রহমান, রামপাল (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৫:১২
মোংলায় নৌঘাঁটিতে যথাযোগ্য মর্যাদায় সশস্ত্র বাহিনী দিবস-২০২৬ উদযাপন
যথাযোগ্য মর্যাদা, গভীর শ্রদ্ধা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে বাগেরহাটের মোংলায় নৌঘাঁটিসহ দেশের বিভিন্ন নৌঅঞ্চলে উদযাপিত হয়েছে সশস্ত্র বাহিনী দিবস-২০২৬।
শনিবার (২১ নভেম্বর) দিবসটি উপলক্ষ্যে মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের স্মরণ, বিশেষ দোয়া, পুষ্পস্তবক অর্পণ, সংবর্ধনা অনুষ্ঠান, প্রামাণ্যচিত্র প্রদর্শনী এবং বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়।
দিবসের শুরুতে বাংলাদেশ নৌবাহিনীর সকল মসজিদে বাদ ফজর মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী বীর শহিদদের রুহের মাগফেরাত, দেশের সুখ, শান্তি ও সমৃদ্ধি এবং সশস্ত্র বাহিনীর উত্তরোত্তর উন্নতি ও অগ্রগতি কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষ্যে সকালে কমান্ডার খুলনা নৌ অঞ্চলের পক্ষ থেকে মহান মুক্তিযুদ্ধে শহিদ বীরশ্রেষ্ঠ রুহুল আমিন ও শহিদ বীর বিক্রম মহিবুল্লাহর মাজারে গার্ড অব অনার প্রদান এবং পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।
এদিকে খুলনার বানৌজা তিতুমীর ঘাঁটিতে খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাট জেলার মহান স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারী সশস্ত্র বাহিনীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা, খেতাবপ্রাপ্ত বীর মুক্তিযোদ্ধা এবং তাঁদের পরিবারের সদস্যদের সম্মানে এক সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বিভিন্ন পদবির সামরিক কর্মকর্তা, খুলনা বিভাগের ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা, স্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও উপ-উপাচার্য, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং গণ্যমান্য ব্যক্তিরা সপরিবারে অংশগ্রহণ করেন।
এছাড়া নৌবাহিনীর বিভিন্ন জাহাজ ও ঘাঁটিতে মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর গৌরবোজ্জ্বল অবদানের ওপর নির্মিত বিশেষ প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। পাশাপাশি নৌবাহিনী পরিচালিত স্কুল ও কলেজগুলোতে দিবসটির তাৎপর্য তুলে ধরে রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়।
দিবসটি উপলক্ষ্যে সর্বসাধারণের জন্য দেশের বিভিন্ন নৌঘাঁটি ও নৌবাহিনীর জাহাজ পরিদর্শনের বিশেষ সুযোগ রাখা হয়।
এর অংশ হিসেবে ঢাকার সদরঘাঁটে বিএনডিবি গাংচিল, চট্টগ্রাম নেভাল বার্থে বানৌজা সমুদ্র অভিযান, খুলনা বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনালে বানৌজা বিশখালী, মোংলার দিগরাজ নেভাল বার্থে বানৌজা বিজয় এবং বরিশাল বিআইডব্লিউটিএ ঘাটে বানৌজা অপরাজেয় দুপুর ২টা থেকে সূর্যাস্ত পর্যন্ত জনসাধারণের পরিদর্শনের জন্য উন্মুক্ত রাখা হয়।
এ সময় বিপুলসংখ্যক দর্শনার্থী নৌবাহিনীর জাহাজগুলো ঘুরে দেখেন এবং নৌবাহিনীর কার্যক্রম, সক্ষমতা ও ঐতিহ্য সম্পর্কে জানার সুযোগ পান।
মহান মুক্তিযুদ্ধে সশস্ত্র বাহিনীর আত্মত্যাগ, বীরত্ব ও গৌরবোজ্জ্বল অবদানকে গভীর শ্রদ্ধায় স্মরণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করার মধ্য দিয়ে নানা আয়োজনে উদযাপিত হয় এবারের সশস্ত্র বাহিনী দিবস।