ফকির আতিয়ার রহমান রামপাল (বাগেরহাট)প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ রাত ০৮:৫৬:৪৫
বৃষ্টি উপেক্ষা করে মোংলায় বিএনপির বিশাল বিক্ষোভ, নেতৃত্বে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম!
ফ্যাসিস্টেরা বারবার লাশের রাজনীতি করছে। রাজনীতি করতে হলে আইনের মাধ্যমে বৈধতা নিয়ে রাজনীতিতে আসতে হবে—এমন মন্তব্য করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মোংলায় পৌর ও উপজেলা বিএনপির উদ্যোগে আয়োজিত বিক্ষোভ মিছিল শেষে উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রতিবাদে এ কর্মসূচির আয়োজন করা হয়।
প্রতিমন্ত্রী বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে। বিগত সরকার তাদের নিষিদ্ধ করেছিল তাদের নাশকতামূলক কর্মকাণ্ডের কারণে। ৫ আগস্টের পর থেকে এখন পর্যন্ত রামপাল-মোংলাসহ দক্ষিণাঞ্চলের মানুষ শান্তিতে বসবাস করছিলেন। কিন্তু আওয়ামী লীগের অতি উৎসাহী কিছু মানুষ আবারও নাশকতার পথ বেছে নিয়েছে।
তিনি আরও বলেন, বিএনপির অনেক নেতা অতীতে ফ্যাসিস্টদের সঙ্গে আঁতাত করে রাজনীতি করেছেন। তাদের সেই সুযোগ আর দেওয়া হবে না। সুবিধাবাদী রাজনীতির দিন শেষ। দলের মধ্যে থাকা দালাল, ধান্ধাবাজ ও প্রতারকদের কোনোভাবেই প্রশ্রয় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
এর আগে, বেলা সাড়ে ১১টার দিকে প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলামের নেতৃত্বে মোংলা উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। এতে স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের কয়েক হাজার নেতাকর্মী ও সমর্থক অংশ নেন।
দুর্যোগপূর্ণ আবহাওয়া ও বৃষ্টিকে উপেক্ষা করে প্রতিমন্ত্রীসহ বিএনপির হাজার হাজার নারী-পুরুষ নেতাকর্মী মিছিল ও সমাবেশে অংশ নেন। বৃষ্টিতে ভিজেও নেতাকর্মীদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে পুরো কর্মসূচিতে ব্যাপক জনসমাগমের সৃষ্টি হয়।
এ সমাবেশে আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক, উপজেলা বিএনপির সভাপতি আ. মান্নান হাওলাদার এবং সাধারণ সম্পাদক আবু হোসেন পনি।
এ সমাবেশে বক্তারা দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান এবং যেকোনো ধরনের নৈরাজ্য ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে শান্তিপূর্ণভাবে প্রতিরোধ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।