রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ রাত ০৭:১৮:২৬
জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় প্রতিযোগিতায় ধুনটের দুই শিক্ষার্থী
বগুড়ার ধুনটের আল-কুরআন একাডেমিক স্কুলের দুই শিক্ষার্থী জেলা পর্যায়ের প্রতিযোগিতায় কৃতিত্ব দেখিয়ে বিভাগীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। তাদের এ সাফল্যে বিদ্যালয় প্রাঙ্গণে ফুলেল সংবর্ধনা ও বই উপহার দিয়ে সম্মানিত করা হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সংবর্ধনা পাওয়া দুই শিক্ষার্থী হলো চতুর্থ শ্রেণির জারিফ হোসাইন ও পঞ্চম শ্রেণির নুরে জান্নাতুল মাওয়া। এর মধ্যে কবিতা আবৃত্তি ‘ক’ গ্রুপে জারিফ জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে। অন্যদিকে উপস্থিত বক্তৃতা ‘ক’ গ্রুপে নুরে জান্নাতুল মাওয়া দ্বিতীয় স্থান অর্জন করে বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতার সুযোগ পেয়েছে।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা পরিচালক আলহাজ আনোয়ার হোসেনের সভাপতিত্বে এবং প্রিন্সিপাল কারী সুলতানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম। বিশেষ অতিথি ছিলেন সেন্ট্রাল প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক রবিউল হাসান ও উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি আশেকে এলাহী শিবলী।
অনুষ্ঠানে শিক্ষক, অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
সংবর্ধনা অনুষ্ঠানে অভিভাবকেরা শিক্ষার্থীদের এ অর্জনে সন্তোষ প্রকাশ করেন। তাঁরা বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ, শিক্ষকদের আন্তরিকতা, পাঠদানের মান এবং শিক্ষার্থীদের যত্নসহকারে গড়ে তোলার উদ্যোগের প্রশংসা করেন।
বক্তারা বলেন, পড়াশোনার পাশাপাশি কবিতা আবৃত্তি ও উপস্থিত বক্তৃতার মতো সহশিক্ষা কার্যক্রম শিক্ষার্থীদের প্রতিভা বিকাশ, আত্মবিশ্বাস বৃদ্ধি এবং প্রতিযোগিতামূলক মনোভাব তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। জেলার গণ্ডি পেরিয়ে বিভাগীয় পর্যায়ে ধুনটের দুই শিক্ষার্থীর এ সাফল্য নিঃসন্দেহে গর্বের বিষয়।