ভৈরব (কিশোরগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৮:১৭
ভৈরবে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ
কৃষি উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের প্রণোদনা কর্মসূচির আওতায় কিশোরগঞ্জের ভৈরবে কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বিভিন্ন ফসলের বীজ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে ২০২৬-২৭ অর্থবছরের রোপা আমন, গ্রীষ্মকালীন শাকসবজির বীজ ও রাসায়নিক সার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা আকলিমা বেগমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কে এম মামুনুর রশিদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মো. আবদুল্লাহ আল মাহমুদ, মো. হাসিবুল হাসান এবং উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মো. মিজানুর রহমান।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সরকারের কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় গ্রীষ্মকালীন শাকসবজি চাষের জন্য ১ হাজার কৃষক, রোপা আমন চাষের জন্য ৯০০ জন কৃষক এবং মরিচ চাষের জন্য ১২০ জন কৃষকের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে।
প্রণোদনা হিসেবে প্রত্যেক কৃষককে ৫ কেজি রোপা আমনের বীজ, সাত ধরনের সবজির বীজ, এক প্যাকেট মরিচের বীজ, কীটনাশক এবং ৫ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়।
বক্তারা আরও বলেন, কৃষি উৎপাদন বৃদ্ধি, আবাদি জমির সর্বোত্তম ব্যবহার এবং পুষ্টিকর খাদ্যের চাহিদা পূরণে কৃষকদের উৎসাহিত করতেই সরকারের এ ধরনের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।