মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৭:৪১
মানিকগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার, পাশে রক্তমাখা বটি; স্বামী পুলিশ হেফাজতে
মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় সুফিয়া বেগম (৪২) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের পাশে একটি রক্তমাখা বটি এবং নিহতের শরীরে আঘাতের চিহ্ন পাওয়ায় ঘটনাটি রহস্যজনক বলে মনে করছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য নিহতের স্বামী ইসমাইলকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) সকালে উপজেলার হরগজ বেপারীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে নিহতের ভাই থানায় খবর দিয়ে অভিযোগ করেন, তার বোনকে হত্যা করে ঘরের ভেতরে ঝুলিয়ে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে তদন্ত শুরু করে।
পুলিশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদনে নিহতের হাতে ও পেটে কাটা দাগের উল্লেখ রয়েছে। এছাড়া মরদেহের পাশ থেকে একটি রক্তমাখা বটি উদ্ধার করা হয়েছে, যা আলামত হিসেবে জব্দ করেছে পুলিশ। এসব বিষয় বিবেচনায় নিয়ে ঘটনাটিকে সন্দেহজনক হিসেবে গুরুত্ব দিয়ে তদন্ত করা হচ্ছে।
ঘটনার পর নিহতের স্বামী ইসমাইলকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মরদেহের সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাটুরিয়া থানার ওসি মোহাম্মদ মোশাররফ হোসেন বলেন, “ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন, আলামত এবং অন্যান্য তথ্য-উপাত্ত বিশ্লেষণের পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।”