নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৭ জুলাই ২০২৬ বিকাল ০৫:১৯:৩২
নাগরপুরে বিএনপি নেতার ব্যক্তিগত উদ্যোগে সড়ক সংস্কার, স্বস্তি পথচারীদের
টাঙ্গাইলের নাগরপুর উপজেলার গয়হাটা-চৌহালী সড়কের বিভিন্ন ক্ষতিগ্রস্ত অংশে বিএনপি নেতা নাসিরুল ইসলাম হেলালের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ চলছে। দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় থাকা সড়কটির সংস্কার শুরু হওয়ায় স্থানীয় বাসিন্দা, ব্যবসায়ী ও পথচারীদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।
স্থানীয়দের অভিযোগ, সামান্য বৃষ্টিতেই গয়হাটা বাজারের পশ্চিম অংশে হাঁটুসমান পানি জমে যায়। ফলে স্কুল-কলেজগামী শিক্ষার্থী, পথচারী ও যানবাহন চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হয়। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত থাকায় প্রায়ই দুর্ঘটনাও ঘটে।
মঙ্গলবার (৭ জুলাই) সরেজমিনে দেখা যায়, নাসিরুল ইসলাম হেলালের উদ্যোগে ইটের সুরকি দিয়ে সড়কের ক্ষতিগ্রস্ত অংশ মেরামতের কাজ চলছে।
এ বিষয়ে গয়হাটা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসিরুল ইসলাম হেলাল বলেন, “জনগণ যাতে স্বাভাবিকভাবে চলাচল করতে পারে, সে লক্ষ্যেই ব্যক্তিগত উদ্যোগে সড়কটি সংস্কারের কাজ করছি।”
গয়হাটা বাজার বণিক সমিতির সভাপতি দেলুয়ার হোসেন দেলু বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি অবহেলিত ছিল। বিভিন্ন স্থানে গর্তের সৃষ্টি হওয়ায় যানবাহন ও সাধারণ মানুষের চলাচলে ব্যাপক সমস্যা হচ্ছিল। হেলাল নিজ উদ্যোগে রাস্তা সংস্কার করে আমাদের অনেক উপকার করেছেন।”
পথচারী ও শিক্ষক ইদ্রিস সিকদার বলেন, “এই সড়ক দিয়ে নাগরপুর ও চৌহালী উপজেলার হাজার হাজার মানুষ প্রতিদিন চলাচল করেন। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় গয়হাটা বাজার থেকে গয়হাটা পালপাড়া পর্যন্ত বিভিন্ন স্থানে খানাখন্দ তৈরি হয়েছে। বৃষ্টি হলেই হাঁটুসমান পানি জমে এবং প্রতিদিনই ছোট-বড় দুর্ঘটনা ঘটছে। এতে শিক্ষার্থীরাও চরম ভোগান্তিতে পড়ছে।”
তিনি আরও বলেন, “হেলালের এ উদ্যোগ প্রশংসনীয়। সরকারের পাশাপাশি সমাজের বিত্তবান ও সচেতন মানুষও যদি এভাবে জনকল্যাণমূলক কাজে এগিয়ে আসেন, তাহলে এলাকার উন্নয়ন আরও ত্বরান্বিত হবে।”
তবে সড়কটির স্থায়ী সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।