কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ বিকাল ০৫:২৬:৩৬
কোনাবাড়ীতে ডিপি ফুডসকে ১ লাখ টাকা জরিমানা
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেলে মহানগরীর কোনাবাড়ী আমবাগ বোর্ডঘর এলাকায় জেলা গোয়েন্দা সংস্থা (এনএসআই)-এর তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. সালেহুর রহমান।
অভিযানকালে ডিপি ফুডসে একাধিক অনিয়মের প্রমাণ পাওয়া যায়। এর মধ্যে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য প্রস্তুত ও সংরক্ষণ, বিভিন্ন পণ্যের মোড়কে বিএসটিআইয়ের নকল লোগো ব্যবহার, মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ এবং খাদ্যপণ্য যথাযথভাবে ঢেকে না রাখার মতো অভিযোগ রয়েছে।
এসব অনিয়মের দায়ে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৪৪ ধারায় প্রতিষ্ঠানটির মালিক দীপংকর চন্দ্র দেবনাথ (৩২)-কে ১ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ভবিষ্যতে খাদ্য নিরাপত্তা বিধিমালা মেনে ব্যবসা পরিচালনার নির্দেশনা দেয়। একই ধরনের অনিয়ম পুনরায় পাওয়া গেলে আরও কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সতর্ক করা হয়।
অভিযান পরিচালনার সময় ব্যাটালিয়ন আনসার সদস্যরা সহযোগিতা করেন।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, জনস্বাস্থ্য সুরক্ষা ও নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।