নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ২৮ জুলাই ২০২৬ রাত ১০:১৭:৪০
মাধবদীতে ডাকাতির সময় গৃহকর্তা হ'ত্যা : ৭ ডাকাত গ্রেপ্তার
নরসিংদীর মাধবদীতে চাঞ্চল্যকর খুনসহ ডাকাতির ঘটনার রহস্য উদঘাটন করেছে জেলা পুলিশ। এ ঘটনায় জড়িত পেশাদার ডাকাত দলের সাত সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় মাধবদী থানায় সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক।
পুলিশ সুপার বলেন, গত ১৮ জুলাই ভোরে সদর উপজেলার নূরালাপুর ইউনিয়নের বলভদ্রদী গ্রামে সৌদিফেরত মিলনের বাড়িতে ডাকাতি করতে গিয়ে ডাকাতদের হামলায় নিহত হন তাঁর বড় ভাই শাহজাহান। গুরুতর আহত হন চাচা সুরুজ মিয়া। ডাকাতরা স্বর্ণালংকার ও মোবাইল ফোন লুট করে পালিয়ে যায়।
ঘটনার পর মাধবদী থানা ও ডিবি পুলিশের যৌথ অভিযানে আধুনিক প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে নয় দিনের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, নরসিংদী সদর উপজেলাধীন মাধবদী থানার কাঁঠালিয়া ইউনিয়নের খড়িয়া দক্ষিণপাড়া এলাকার হাসান আলীর ছেলে জুবায়ের হোসেন (২০), একই ইউনিয়নের খড়িয়া উত্তরপাড়া এলাকার শাহজাহান মিয়ার ছেলে আশিক আহমেদ (২৩), আব্দুল আউয়ালের ছেলে মোজাহিদ রহমান অপু (২২), মো. ইসলামউদ্দিনের ছেলে মো. সুজন মিয়া (২৫), পাইকারচর ইউনিয়নের চরভাষানিয়া গ্রামের হানিফ মিয়ার ছেলে মো. ফারুক মিয়া (৩০), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার যুগাইদা গ্রামের আলমগীর হোসেনের ছেলে রোমান (২৮) এবং রূপগঞ্জ থানার আমলাপুর গ্রামের লতিফ মিয়ার বাড়ির ভাড়াটিয়া হানিফ সরদারের ছেলে মো. হৃদয় মিয়া (২২)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কয়েকজন আগের ডাকাতি ও হত্যা মামলারও আসামি। অভিযানে তাদের কাছ থেকে লুণ্ঠিত টাকার একটি অংশ উদ্ধার করা হয়েছে। বাকি মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সুপার মো. আবদুল্লাহ-আল-ফারুক বলেন, কোনো অপরাধীই ছাড় পাবে না। অপরাধ দমনে পুলিশের অভিযান চলবে এবং জনসাধারণকে তথ্য দিয়ে সহযোগিতার আহ্বান জানান তিনি।