ধোবাউড়া (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:১৪:৪৫
ধোবাউড়া স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন সংসদ সদস্য সালমান ওমর রুবেল
ময়মনসিংহের ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করলেন ধোবাউড়া-হালুয়াঘাট আসনের সংসদ সদস্য সালমান ওমর রুবেল। সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুরে হাসপাতালটি পরিদর্শন করেন তিনি।
এসময় হাসপাতাল কর্তৃপক্ষ এবং উপজেলা বিএনপির নেতাকর্মীরা সংসদ সদস্যের কাছে হাসপাতালের বিভিন্ন সমস্যা তুলে ধরেন। হাসপাতালের পরিষ্কার-পরিচ্ছন্নতার ঘাটতি, অ্যাম্বুলেন্স বিকল থাকা, ওষুধের সংকট, রোগী বহনের ট্রলি-সংক্রান্ত সমস্যা এবং বিদ্যুৎ সমস্যার বিষয়গুলো তুলে ধরা হয়।
সালমান ওমর রুবেল হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে এসব সমস্যা দ্রুত সমাধানের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন। একই সঙ্গে হাসপাতালের চিকিৎসাসেবা ও পরিবেশের মান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার কথা জানান তিনি।
পরিদর্শনকালে হাসপাতালের কর্মকর্তা-কর্মচারী ও স্থানীয় বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।