টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:২০:০৫
গোপালগঞ্জে শেখ হাসিনার জন্মদিন পালনকালে নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতা আটক
গোপালগঞ্জে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৯তম জন্মবার্ষিকী উপলক্ষে মিছিল ও কেক কেটে কর্মসূচি পালন করেছে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেতাকর্মীরা। পরে মিছিল বের করলে ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার চন্দ্রদিঘলিয়ায় ঢাকা-খুলনা মহাসড়কে জেলা ছাত্রলীগের ব্যানার নিয়ে মিছিল বের করেন তারা।
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা বিএম ইউনুস ভূঁইয়া মিছিলটির নেতৃত্ব দেন। পরে ছাত্রলীগের নেতাকর্মীরা মহাসড়কে অবস্থান নিয়ে কেক কাটেন। এতে সড়কের উভয় পাশে শতাধিক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
একই সময়ে গোপালগঞ্জ-টেকেরহাট আঞ্চলিক সড়কের ভেড়ার বাজার এলাকায় নিষিদ্ধ পৌর ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. ওমর ফারুক খান রিপনের নেতৃত্বে আরেকটি মিছিল বের হয়। মিছিল থেকে রঙিন ধোঁয়া উড়িয়ে বিভিন্ন স্লোগান দেয়া হয়। পরে সড়কে অবস্থান নিয়ে কেক কেটে জন্মদিনের কর্মসূচি পালন করেন নেতাকর্মীরা।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ বলেন, ‘মিছিল চলাকালে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাত নেতাকর্মীকে আটক করা হয়েছে। জেলার বিভিন্ন স্থানে নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা মিছিল করেছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।’