ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৮ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৭:১১:৩১
ভাঙ্গায় হাসপাতালে স্ত্রীর মরদেহ রেখে পালালো স্বামী ও শাশুড়ি
ফরিদপুরের ভাঙ্গায় বিয়ের তিন মাসের মধ্যে লামিয়া ইসলাম (১৪) নামের এক অন্তঃ সত্ত্বা নববধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। গৃহবধূর মরদেহ হাসপাতালে রেখেই পালিয়ে যায় স্বামী ও শাশুড়ি।
রোববার (২৭ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে ভাঙ্গা পৌরসভার কাপুড়িয়া সদরদী গ্রামে এই ঘটনা ঘটে।
লামিয়া ইসলাম ভাঙ্গা উপজেলার হামিরদী ইউনিয়নের মহেশ্বরদী সাহাপাড়া গ্রামের লিঠু মাতুব্বরের মেয়ে এবং কাপুড়িয়া সদরদী গ্রামের রনি শেখের স্ত্রী।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রায় ৩ মাস আগে রনি শেখ লামিয়াকে বিয়ে করে আত্মগোপনে ছিলেন। গত ৭দিন আগে লামিয়ার পরিবারের সদস্যরা লামিয়া ও রনি শেখকে খুঁজে পায়। এরপর থেকে তারা রনির বাড়িতে বসবাস করছিলো। গত রাতে রনির মা লামিয়ার নানাকে ফোন দিয়ে জানায়, আপনার নাতনি মারা গেছে । পরে লামিয়ার নানা হাসপাতালে এসে তার মৃতদেহ দেখতে পান। এ সময় হাসপাতালে লামিয়ার মরদেহ রেখে তার স্বামী ও শাশুড়ি পালিয়ে যায়।
এ ব্যাপারে ভাঙ্গা থানার ওসি মোঃ মিজানুর রহমান বলেন, সংবাদ পেয়ে রাতে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি এবং হাসপাতাল থেকে লামিয়া ইসলামের মরদেহ উদ্ধার করেছি। সোমবার (২৮ সেপ্টেম্বর) লামিয়ার লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মৃত্যুটি রহস্যজনক। তবে ময়নাতদন্ত রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।