রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশ : ১ জুলাই ২০২৬ দুপুর ০২:০৫:১৯
ঝালমুড়ি খাওয়ানোর কথা বলে শিশুকে ধর্ষণচেষ্টা: পাংশায় অভিযুক্ত গ্রেফতার
রাজবাড়ীর পাংশা উপজেলার পাট্টা ইউনিয়নে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণচেষ্টার অভিযোগে লুৎফর বিশ্বাস মেম্বার (৫৫) নামে এক ইউপি সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
এ ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা তৃষ্ণা খাতুন বাদী হয়ে বুধবার (১ জুলাই) সকালে পাংশা মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করেন। মামলার পরপরই সকাল সাড়ে ৯টার দিকে অভিযুক্ত লুৎফর বিশ্বাস মেম্বারকে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মঙ্গলবার (৩০ জুন) দুপুরে ঝালমুড়ি খাওয়ানোর প্রলোভন দেখিয়ে অভিযুক্ত লুৎফর বিশ্বাস শিশুটিকে তার বাড়িতে নিয়ে যান। পরে ঘরের ভেতরে জোরপূর্বক ধর্ষণের চেষ্টা করেন বলে অভিযোগ করা হয়েছে। একপর্যায়ে শিশুটি সেখান থেকে বের হয়ে বাড়িতে ফিরে মায়ের কাছে ঘটনাটি খুলে বলে।
পরে পরিবারের সদস্যরা শিশুটিকে প্রথমে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে রাত ১২টার দিকে উন্নত চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষার জন্য রাজবাড়ী সদর হাসপাতালে পাঠানো হয়।
ভুক্তভোগী শিশুটি পাট্টা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।
পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ মঈনুল ইসলাম বলেন, ভুক্তভোগীর পরিবারের অভিযোগের ভিত্তিতে একটি মামলা রুজু করা হয়েছে। অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে। শিশুটির ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করার প্রক্রিয়া চলছে। ঘটনার তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।