রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৬ রাত ০৭:১৭:০৩
মাঠভরা মুলা, দাম মাত্র ৫ টাকা; উৎপাদন খরচ তুলতে হিমশিম বগুড়ার কৃষক
উৎপাদন খরচ বেড়েছে, অথচ বাজারে কমেছে মুলার দাম। বগুড়ার মহাস্থান হাটে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে মাত্র ৫ থেকে ৭ টাকায়। বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরিতে বাড়তি অর্থ ব্যয় করেও উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না কৃষকেরা। ফলে ভালো ফলনেও উৎপাদন খরচ তুলতে না পারার শঙ্কায় দিশেহারা হয়ে পড়েছেন চাষিরা।
শনিবার (২১ নভেম্বর) বগুড়ার মহাস্থান হাটে খোঁজ নিয়ে জানা গেছে, বর্তমানে প্রতি কেজি মুলা বিক্রি হচ্ছে ৫ থেকে ৭ টাকা দরে। নভেম্বরের শুরুতে দাম ছিল প্রায় ১০ টাকা। ১৫ নভেম্বর নিম্নমানের মুলা বিক্রি হয়েছে ৫ টাকা এবং ভালো মানের মুলা সর্বোচ্চ ১০ টাকা কেজি দরে। ১৭ নভেম্বর প্রতি মণ মুলার দাম নেমে আসে মাত্র ৩০০ টাকায়।
মুলাচাষি আবু মুসা ও হামিদুল জানান, গত বছরের তুলনায় এবার মুলা চাষে বিঘাপ্রতি খরচ বেড়েছে। জমি প্রস্তুত, বীজ, সার, কীটনাশক, সেচ ও শ্রমিকের মজুরি—সব খাতেই ব্যয় বেশি। অথচ বাজারে এসে সেই ফসল বিক্রি করতে হচ্ছে পানির দামে। এতে উৎপাদন খরচ উঠবে কি না, তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।
কৃষকদের ভাষ্য, মাঠে ফসল উৎপাদন করতে যে অর্থ ব্যয় হচ্ছে, বাজারে বিক্রি করে তার সামান্য অংশও পাওয়া যাচ্ছে না। দ্রুত পচনশীল সবজি হওয়ায় মুলা মজুত করে রাখার সুযোগও সীমিত। ফলে বাধ্য হয়েই কম দামে ফসল বিক্রি করতে হচ্ছে।
এদিকে কৃষকের কাছ থেকে ৫ থেকে ৭ টাকা কেজি দরে কেনা মুলা খুচরা বাজারে কত দামে বিক্রি হচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। উৎপাদক ও ভোক্তার মাঝখানে দামের ব্যবধান কতটা, তা খতিয়ে দেখার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।
কৃষকদের দাবি, উৎপাদন খরচ বিবেচনায় কৃষিপণ্যের ন্যায্যমূল্য নিশ্চিত করতে হবে। পাশাপাশি মধ্যস্বত্বভোগীদের ভূমিকা, বাজার ব্যবস্থাপনা ও সরবরাহব্যবস্থায় কার্যকর নজরদারি বাড়াতে হবে।
কৃষকের ঘাম ঝরানো পরিশ্রমে মাঠে ফলছে মুলা, কিন্তু সেই ফসল বিক্রি করে মিলছে না উৎপাদন খরচ। এমন পরিস্থিতি চলতে থাকলে আগামীতে সবজি চাষে আগ্রহ হারাতে পারেন অনেক কৃষক। প্রশ্ন উঠেছে, কৃষকের উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য নিশ্চিত করার দায়িত্ব নেবে কে?