মো. শামীম হোসেন, জামালপুর জেলা প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৪:৩১:৩৭
কোনো নতুন কর ছাড়াই জামালপুর পৌরসভার ৫১ কোটি টাকার বাজেট ঘোষণা
কোনো ধরনের নতুন কর আরোপ ছাড়াই জামালপুর পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৫১ কোটি ১২ লাখ ৮৭ হাজার ৭৫৬ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। বাজেটে মোট ব্যয় ধরা হয়েছে ৪৯ কোটি ১১ লাখ ৩৬ হাজার ৫৫২ টাকা।
সোমবার (২৯ জুন) দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ বাজেট ঘোষণা করেন জামালপুর পৌরসভার প্রশাসক মৌসুমি খানম।
সংবাদ সম্মেলনে পৌর প্রশাসক বলেন, পৌরসভার আয়-ব্যয়ের ধারাবাহিকতা ও বাস্তব পরিস্থিতির সঙ্গে সামঞ্জস্য রেখে বাজেট প্রণয়ন করা হয়েছে। কোনো নতুন কর আরোপ ছাড়াই এ বাজেট বাস্তবায়নের মাধ্যমে পৌর এলাকার অবকাঠামো উন্নয়ন, নাগরিক সেবা সম্প্রসারণ এবং চলমান উন্নয়ন কার্যক্রম আরও গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
তিনি আরও জানান, পৌরবাসীর জন্য উন্নত সেবা নিশ্চিত করতে পরিকল্পিতভাবে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন জামালপুর পৌরসভার নির্বাহী কর্মকর্তা মো. হাফিজুর রহমান, নির্বাহী প্রকৌশলী মো. জহুরুল হক, হিসাবরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ শফিকুল ইসলাম, জামালপুর প্রেসক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা, সাধারণ সম্পাদক লুৎফর রহমানসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।