কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৫৭:১৫
গাজীপুরে ফের মহাসড়ক অবরোধ টিয়ার শেল-সাউন্ড গ্রেনেড ছুঁড়ে শ্রমিকদের ছত্রভঙ্গ
মজুরি বোর্ডের বৈঠকের সময়ও বেতন বাড়ানোর দাবিতে গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বিভিন্ন জায়গায় অবরোধ করেছে বিভিন্ন শিল্প কারখানার শ্রমিকরা।
সোমবার (২৩ নভেম্বর) বেলা সাড়ে ১২টায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবরোধ করে শ্রমিকরা। পরে তাদের সাউণ্ড গ্রেনেড ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয়।
পুলিশ জানায় সোমবার (২৩ নভেম্বর) ১২টার কিছু সময় পরই গাজীপুরের ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের বাঘের বাজার এলাকায় অবরোধ করে শিল্প কারখানার শ্রমিকরা। এসময় তাদের অবস্থানে প্রায় ৩০ মিনিট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে যাওয়া মাত্রই তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছুঁড়তে থাকে। এসময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আত্মরক্ষার্থে সাউণ্ড গ্রেনেড, টিয়ার শেল ছুঁড়ে মহাসড়ক থেকে শ্রমিকদের সরিয়ে দিলে প্রায় ৩০ মিনিট পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।।
এ বিষয়ে গাজীপুর শিল্প পুলিশের সহকারী পুলিশ সুপার জাহিদুল ইসলাম বলেন, সকাল থেকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গড়গড়িয়া মাস্টারবাড়ি ও বাঘের বাজার এলাকায় শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে। এতে মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। আমাদের দেখামাত্রই শ্রমিকরা ঢিল ছুঁড়তে থাকে। আমরা আত্মরক্ষার জন্য তখন সাউণ্ড গ্রেনেড ছুঁড়ি।
এর আগে সোমবার সকালে গাজীপুরের শ্রীপুরের গড়গড়িয়া মাস্টার বাড়ি এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধেন চেষ্টা করে শ্রমিকরা। সেখানেও পুলিশ সাউণ্ড গ্রেনেড টিয়ার শেল ছুঁড়ে মহাসড়ক থেকে সরিয়ে দেয় শ্রমিকদের।