নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৩:৩৬:৩৮
ফ্যাসিবাদ প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, প্রধানমন্ত্রী উনার জায়গা থেকে ফ্যাসিবাদ ও জুলাই প্রশ্নে রাজনৈতিক দলগুলোকে এক থাকার আহ্বান জানিয়েছেন।
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্যদিয়ে গড়ে ওঠা ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক ঐক্য পুনরুদ্ধারে সোমবার (২৩ নভেম্বর) দুপুরে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা জানান।
প্রধানমন্ত্রীর সঙ্গে আলোচনা প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, আমাদের জায়গা থেকে আমরা বলেছি বর্তমান পরিস্থিতিটা আসলে একদিনে হয়নি। নির্বাচনের পর থেকেই গত সাত থেকে আট মাসে ধারাবাহিকভাবে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি, বিচার বিষয়ে আপসকামিতা ও আওয়ামী লীগ প্রশ্নে কঠোর অবস্থান না নেওয়া এবং ভারতের সঙ্গে কূটনৈতিক বিষয়গুলো আরও স্পষ্ট না করার ফলে আজকের পরিস্থিতি তৈরি হয়েছে।
তিনি বলেন, আমরা বলেছি যে, গঙ্গা চুক্তির মেয়াদ শেষ হতে যাচ্ছে। নতুন করে যে চুক্তিটা হবে, সেই বিষয়ে ভারতের কাছে যাতে খুবই কঠোরভাবে বাংলাদেশের বার্তাটা দেওয়া হয়।
আমাদের যে ন্যায্য হিস্যা পানির, সেটা যাতে আমরা আদায় করে নিতে পারি। সরকার যাতে এটাতে কোনো কোনো ধরনের কম্প্রোমাইজ না করে বলেন তিনি।
এর আগে এদিন দুপুর ১টায় সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকে বসে এনসিপি প্রতিনিধি দল। ওই প্রতিনিধি দলে ছিলেন দলের আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং যুগ্ম আহ্বায়ক ও রাজনৈতিক পর্ষদ সদস্য আকরাম হোসাইন সিএফ।রাজনৈতিক বিশ্লেষণ
জাতীয় সংসদে দেয়া বক্তব্যে রাজনৈতিক দলগুলোর ঐক্যের আহ্বান জানান প্রধানমন্ত্রী। বিরোধীদলের পক্ষ থেকেও এই আহ্বানে ইতিবাচক সাড়া দেয়া হয়েছে। এনসিপিকে দিয়ে আজকে সংলাপের শুরু হলেও অন্য দলগুলোর সঙ্গে প্রধানমন্ত্রীর সংলাপের সূচি এখনো চূড়ান্ত হয়নি।