রাহেবুল ইসলাম টিটুল, লালমনিরহাট প্রতিনিধি:
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৪:৩২:১৩
লালমনিরহাটে তিস্তার পানি বিপৎসীমার ওপরে, প্লাবিত চরাঞ্চল ও নিম্নাঞ্চল
উজানের পাহাড়ি ঢল ও কয়েক দিনের টানা বৃষ্টিতে লালমনিরহাটে তিস্তা নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বিপৎসীমা অতিক্রম করেছে। এতে নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়েছে। পানিতে বসতবাড়ি, গ্রামীণ সড়ক ও কৃষিজমি তলিয়ে যাওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ।
সোমবার (২৯ জুন) পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা যায়, গত রাত থেকে ডালিয়া ব্যারাজ পয়েন্টে তিস্তার পানি প্রায় ১০ ঘণ্টা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হয়। পরে সোমবার সকাল থেকে পানি বিপৎসীমার মাত্র ১ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হলেও এটি চলতি বছরের সর্বোচ্চ পানিপ্রবাহ হিসেবে রেকর্ড করা হয়েছে।
পানি বৃদ্ধির কারণে হাতীবান্ধা উপজেলার সানিয়াজান, গড্ডিমারী, সিন্ধুর্না ও দাওয়াবাড়ী, কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার ইউনিয়নের কাশীরাম, বৈরাতী ও ভোটমারী, আদিতমারী উপজেলার মহিষখোচা এবং সদর উপজেলার কালমাটিসহ তিস্তা তীরবর্তী বিভিন্ন নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
বন্যার পানিতে অনেক বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। পাশাপাশি তলিয়ে গেছে গ্রামীণ সড়ক, বাদাম, পাট, সবজি ও আমন ধানের বীজতলা। ফলে কৃষকরা সম্ভাব্য ক্ষয়ক্ষতি নিয়ে উদ্বেগে রয়েছেন।
পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, সকালে পানি কিছুটা কমলেও দুপুর নাগাদ আবারও পানি বাড়তে পারে। আগামী তিন দিন তিস্তার পানি বিপৎসীমার আশপাশে ওঠানামা করতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।
জেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ড পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। একই সঙ্গে নদীতীরবর্তী চরাঞ্চল ও নিম্নাঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।