মো. শফিকুজ্জামান সোহেল, গঙ্গাচড়া (রংপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ রাত ০৭:৫৮:১৫
তিস্তার পানিতে গঙ্গাচড়ার আশ্রয়ণ প্রকল্প প্লাবিত, পানিবন্দি তিন শতাধিক পরিবার
তিস্তা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় রংপুরের গঙ্গাচড়া উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ইচলী বাগেরহাট আশ্রয়ণ প্রকল্প প্লাবিত হয়েছে। এতে তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করছে। ঘরবাড়িতে পানি ঢুকে পড়ায় বাসিন্দাদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দিয়েছে।
সোমবার (২৯ জুন) সকাল থেকে তিস্তার পানি বাড়তে থাকায় উপজেলার লক্ষ্মীটারী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের আশ্রয়ণ প্রকল্পসহ আশপাশের নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হয়। শতাধিক ঘরবাড়িতে পানি প্রবেশ করায় বাসিন্দারা প্রয়োজনীয় জিনিসপত্র নিরাপদ স্থানে সরিয়ে নিতে ব্যস্ত হয়ে পড়েন।
স্থানীয়রা জানান, রবিবার (২৮ জুন) তিস্তা ব্যারাজের ৪৪টি জলকপাট খুলে দেওয়ার পর উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে নদীর পানি দ্রুত বৃদ্ধি পায়। এর প্রভাবে নিম্নাঞ্চল প্লাবিত হয়ে ইচলী বাগেরহাট আশ্রয়ণ প্রকল্পের প্রায় তিন শতাধিক পরিবার পানিবন্দি হয়ে পড়ে।
পানিবন্দি পরিবারের সদস্যরা জানান, ঘরে পানি ঢুকে পড়ায় রান্নাবান্না, বিশুদ্ধ খাবার পানির ব্যবস্থা এবং চলাচলে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। প্রতিবছর বর্ষা মৌসুমে একই ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে হয় বলে তারা অভিযোগ করেন। নদীভাঙন ও বন্যা নিয়ন্ত্রণে স্থায়ী ও কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান ক্ষতিগ্রস্তরা।
লক্ষ্মীটারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল্লাহ আল হাদী বলেন, চলমান বন্যা পরিস্থিতিতে পানিবন্দি মানুষের কাছে দ্রুত ত্রাণ সহায়তা পৌঁছে দেওয়া এবং নদীভাঙন প্রতিরোধে জরুরি পদক্ষেপ নেওয়া প্রয়োজন।
উপজেলা ত্রাণ ও প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সজিবুল করীম জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের তালিকা প্রস্তুতের কাজ চলছে। তালিকা সম্পন্ন হলে দ্রুত ত্রাণ সহায়তা প্রদান করা হবে।
গঙ্গাচড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা জেসমিন আক্তার বলেন, প্রশাসন সার্বক্ষণিক পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। ক্ষতিগ্রস্তদের তালিকা তৈরি করে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।