জাহাঙ্গীর আলম, নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ : ২৭ জুন ২০২৬ রাত ০৬:১৯:২৩
নেত্রকোনায় গভীর রাতে অবৈধ বালু ব্যবসার অভিযোগ, তদন্ত ও ব্যবস্থা নেওয়ার আশ্বাস প্রশাসনের
নেত্রকোনা সদর উপজেলার মেদনী ইউনিয়নের বড়ওয়ারি বালুর ঘাটে গভীর রাতে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, একটি প্রভাবশালী চক্র দীর্ঘদিন ধরে রাতের আঁধারে দুর্গাপুর এলাকা থেকে নৌকায় করে বালু এনে বড়ওয়ারি ঘাটে বিক্রি করছে।
নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন স্থানীয় বাসিন্দা জানান, ২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই একটি চক্র জেলার এক প্রভাবশালী বিএনপি নেতার নাম ভাঙিয়ে প্রতিদিন গভীর রাতে দুই থেকে তিনটি নৌকায় করে লাল বালু এনে বড়ওয়ারি ঘাটে বিক্রি করে আসছে।
এ বিষয়ে জানতে চাইলে নেত্রকোনা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী বলেন, সদর উপজেলায় প্রশাসনের পক্ষ থেকে কোনো বালুমহাল ইজারা দেওয়া হয়নি। যদি দুর্গাপুর থেকে অবৈধভাবে বালু আনা হয়ে থাকে, তাহলে সংশ্লিষ্ট বিষয়ে দুর্গাপুর উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য জানানো হবে।
তিনি আরও বলেন, "সদর উপজেলায় কোনো ইজারাকৃত বালুমহাল না থাকলে বড়ওয়ারি ঘাটে কীভাবে বালু বিক্রি হচ্ছে, তা খতিয়ে দেখা হবে। অভিযোগের সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"
অভিযোগের বিষয়ে বড়ওয়ারি ঘাটের বালু ব্যবসায়ী ও জেলা যুবদলের সাবেক নেতা উজ্জ্বল উদ্দিন খান বলেন, "আমাদের ঘাটে বিভিন্ন নৌকা আসে। কেউ ধান, কেউ পাথর, আবার কেউ বালু নিয়ে আসে।" দুর্গাপুর থেকে গভীর রাতে লাল বালু এনে তার ঘাটে খালাস করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, "এ বিষয়ে আমার জানা নেই। এ বিষয়ে নৌকার মালিকদের সঙ্গে কথা বলতে হবে।"
এদিকে স্থানীয় বাসিন্দারা অবৈধ বালু উত্তোলন ও বিক্রি বন্ধে নিয়মিত অভিযান পরিচালনা এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।