কামাল হোসেন নয়ন, চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৫৪:৩৩
চৌদ্দগ্রামে ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি আটক
কুমিল্লার চৌদ্দগ্রামে র্যাব ও বিজিবির যৌথ অভিযানে প্রায় ৭০ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। বুধবার বিকেলে পৌর এলাকার গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
বৃহস্পতিবার বিকেলে র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে র্যাব জানতে পারে, চৌদ্দগ্রাম পৌরসভার গোমারবাড়ি পূর্বপাড়া এলাকায় রিপন হোসেনের বসতবাড়িতে বিক্রির উদ্দেশ্যে বিপুল পরিমাণ গাঁজা মজুদ রাখা হয়েছে। এ তথ্যের ভিত্তিতে র্যাব ও বিজিবির একটি যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালায়।
অভিযানের সময় আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে কয়েকজন পালানোর চেষ্টা করলে রিপন হোসেনের স্ত্রী রোকসানা আক্তার এবং জসিম উদ্দিনের ছেলে রবিউল আলমকে আটক করা হয়। পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রিপন হোসেনের ঘর থেকে আনুমানিক সাত লাখ টাকা মূল্যের ৭০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এ ঘটনায় রিপন হোসেন পালিয়ে গেলেও তাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানায় র্যাব।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা স্বীকার করেছেন যে, তারা দীর্ঘদিন ধরে ভারতীয় সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে রিপন ও রোকসানা দম্পতির বাড়িতে মজুদ রাখতেন। পরে রবিউল আলমের সহায়তায় বিভিন্ন মাদক কারবারি ও সেবনকারীর কাছে অধিক মূল্যে এসব গাঁজা বিক্রি করা হতো।
র্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি এআরএম মোজাফ্ফর হোসেন জানান, উদ্ধার করা গাঁজাসহ আটক দুইজনের বিরুদ্ধে চৌদ্দগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।