রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৯:০১
বগুড়ায় হবে আন্তর্জাতিক মানের বিমানবন্দর, বিমানঘাঁটি ও ড্রোন কারখানা: প্রতিমন্ত্রী
বগুড়া বিমানবন্দরকে আন্তর্জাতিক মানে উন্নীত করা হচ্ছে। ইতোমধ্যে বগুড়ায় বিমানঘাঁটি স্থাপনের অনুমোদন দেওয়া হয়েছে। পাশাপাশি তুরস্কের সঙ্গে যৌথ উদ্যোগে একটি ড্রোন কারখানাও বগুড়ায় স্থাপন করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত সংলাপে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, বগুড়ার উন্নয়নে তিনি নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নিজ উদ্যোগে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান প্রতিষ্ঠা করা হলেও রাজনৈতিক কারণে এতদিন সেগুলো এমপিওভুক্ত হয়নি। বর্তমানে সেগুলো এমপিওভুক্ত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি জানান, বগুড়ায় নতুন চারটি ইউনিয়ন গঠন করা হয়েছে। নামকরণ নিয়ে বিতর্ক সৃষ্টি হলেও প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী তিনটি ইউনিয়নের নাম পরিবর্তন করে স্থানীয় জনগণের মতামতের ভিত্তিতে নতুন নামকরণ করা হয়েছে।
তিনি আরও বলেন, অতীতে বগুড়া উন্নয়নের ক্ষেত্রে বঞ্চিত ছিল। জেলার মানুষের কর্মসংস্থান ও সরকারি পদায়নের সুযোগও সীমিত ছিল। বর্তমান সরকার দেশের সব জেলার সমান উন্নয়নে কাজ করছে এবং সেই পরিকল্পনার অংশ হিসেবে বগুড়ার বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।
নিজ পরিবারের সদস্যদের বিষয়ে সমালোচনার প্রসঙ্গ টেনে প্রতিমন্ত্রী বলেন, তাঁর ছেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেও পরে ব্যবসায় মনোযোগ দেওয়ার জন্য পদত্যাগ করেছেন। তিনি বলেন, দীর্ঘদিন রাজনৈতিক কারণে তাঁদের পরিবারের সদস্যরা নানা প্রতিকূলতার মুখোমুখি ছিলেন। এখন যোগ্যতার ভিত্তিতে কেউ দায়িত্ব পেলে তা ইতিবাচকভাবে দেখা উচিত।
সম্পদ বৃদ্ধির অভিযোগ প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, তাঁর নির্বাচনী হলফনামায় সব সম্পদের তথ্য নির্বাচন কমিশনের সার্ভারে সংরক্ষিত রয়েছে। মন্ত্রী হওয়ার পর তাঁর নামে নয়, কোম্পানির নামে বা সন্তানদের নামে বৈধভাবে সম্পদ কেনা হয়েছে। এ বিষয়ে কোনো অভিযোগ থাকলে তদন্তের মাধ্যমে সত্যতা যাচাইয়ের আহ্বান জানান তিনি।
স্থানীয় সরকার নির্বাচন প্রসঙ্গে প্রতিমন্ত্রী বলেন, চলতি বছরই স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পরিকল্পনা রয়েছে। এ জন্য বাজেটে বরাদ্দ রাখা হয়েছে এবং নির্বাচন কমিশনও প্রাথমিক প্রস্তুতি শুরু করেছে। তিনি বলেন, বড় বাজেট বাস্তবায়নের পাশাপাশি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনও সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ দুটি চ্যালেঞ্জ সফলভাবে মোকাবিলায় তিনি সবার দোয়া কামনা করেন।