কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ বিকাল ০৪:৪৬:৩০
কসবাসহ সীমান্তে বিজিবির অভিযানে ৫৬ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবাসহ সীমান্তবর্তী বিভিন্ন এলাকায় পৃথক অভিযান চালিয়ে প্রায় ৫৬ লাখ ৮ হাজার ৭৫০ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি)।
বুধবার (৯ জুলাই) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) মহাপরিচালকের নির্দেশনা—“বিজিবি হবে সীমান্তের নিরাপত্তা ও আস্থার প্রতীক”—এই মূলমন্ত্রে উদ্বুদ্ধ হয়ে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।
সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস. এম. শরিফুল ইসলাম, এএসসি-এর সার্বিক দিকনির্দেশনা ও পরিকল্পনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার কসবা, মঈনপুর ও খাদলা বিওপি এবং কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া ও বুড়িচং উপজেলার সালদানদী, শশীদল, শংকুচাইল ও খারেরা বিওপির টহলদল পৃথক অভিযান পরিচালনা করে।
অভিযানে ভারতীয় বাসমতি চাল, রেডবুল এনার্জি ড্রিংকস, ফুসকা, গরু, চকলেট, চিংড়ি মাছের রেণু, অলিভ অয়েল, শাড়ি, গাঁজা, মোটরসাইকেল, ইজিবাইক ও সিএনজিসহ বিভিন্ন ধরনের অবৈধ চোরাচালানি পণ্য জব্দ করা হয়। জব্দকৃত মালামালের আনুমানিক মূল্য ৫৬ লাখ ৮ হাজার ৭৫০ টাকা।
বিজিবি জানিয়েছে, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ (পুশ-ইন) প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ, মাদক ও চোরাচালানবিরোধী অভিযান এবং গোয়েন্দা তৎপরতা ভবিষ্যতেও আরও জোরদারভাবে অব্যাহত থাকবে।