বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ : ১৫ জুলাই ২০২৬ রাত ১১:২৭:৩৩
রামপালে ‘জয় অব গিভিং’ কর্মসূচিতে ৮০ দুঃস্থ পরিবার পেল গবাদিপশু ও হাঁস-মুরগির সহায়তা
‘জয় অব গিভিং’ প্রতিপাদ্যে বাগেরহাটের রামপালে ৮০ জন স্বাবলম্বী উপকারভোগী তাদের ৮০ জন দুঃস্থ প্রতিবেশীকে গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি উপহার দিয়ে সহায়তা করেছেন।
বুধবার (১৫ জুলাই) ওয়ার্ল্ড ভিশন রামপাল এডিপির উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়।
ওয়ার্ল্ড ভিশন রামপাল কোঅর্ডিনেশন অফিসের সিনিয়র ম্যানেজার ফুলি সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রামপাল উপজেলা নির্বাহী কর্মকর্তা মিজ তামান্না ফেরদৌসি।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুকান্ত কুমার পাল, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শাহিনুর রহমান, উপজেলা ভারপ্রাপ্ত ভেটেরিনারি কর্মকর্তা বিনয় কুমার দে, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কানিজ ফাতেমা শেফা, রামপাল প্রেসক্লাবের সাবেক সভাপতি ফকির আতিয়ার রহমান, প্রেসক্লাব রামপালের সদস্য সচিব মেহেদী হাসান এবং সদস্য মো. তারিকুল ইসলাম।
অনুষ্ঠানে ফুলি সরকার বলেন, ওয়ার্ল্ড ভিশন দীর্ঘদিন ধরে রামপালের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে কাজ করছে। ২০২১ সাল থেকে প্রতিষ্ঠানটি ২ হাজার ২৬৩ জন দুঃস্থ উপকারভোগীকে নগদ অর্থ, গরু, ছাগল, ভেড়া ও হাঁস-মুরগি দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করেছে।
তিনি বলেন, “আজ আনন্দের বিষয় হলো, যাদের আমরা আগে সহায়তা করেছিলাম, তারা এখন নিজেরা স্বাবলম্বী হয়ে ‘জয় অব গিভিং’ কর্মসূচির মাধ্যমে স্বতঃস্ফূর্তভাবে তাদের প্রতিবেশীদের সহায়তা করছেন। আজ ৮০ জন উপকারভোগী আরও ৮০ জন দুঃস্থ প্রতিবেশীর পাশে দাঁড়িয়েছেন। আমাদের ছোট্ট অবদানই অন্যের বড় স্বপ্ন পূরণে ভূমিকা রাখতে পারে।”
প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা তামান্না ফেরদৌসি এ উদ্যোগের প্রশংসা করে বলেন, এভাবে সবাই যদি পিছিয়ে পড়া প্রতিবেশীদের স্বাবলম্বী হতে সহযোগিতা করেন, তাহলে সমাজে দারিদ্র্য কমিয়ে আরও বেশি মানুষকে আত্মনির্ভরশীল করে তোলা সম্ভব। তিনি সমাজের বিত্তবানদেরও এ ধরনের মানবিক উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান।