তামিম হোসেন সবুজ, বেনাপোল প্রতিনিধি:
প্রকাশ : ১১ জুন ২০২৬ রাত ০৭:৩২:৫৩
বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা, মামলা দায়ের
যশোরের বেনাপোলে বাংলাটিভির প্রতিনিধি সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টুর ওপর প্রকাশ্যে হামলা ও হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকাল ১১টার দিকে উপজেলার কাগজপুকুর বাজার মোড়ে এ হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
আহত সাংবাদিক আরিফুল ইসলাম সেন্টু জানান, প্রতিদিনের মতো সংবাদ সংগ্রহের কাজে তিনি বাসা থেকে শার্শার উদ্দেশ্যে রওনা হন। পথে কাগজপুকুর বাজার মোড়ে পৌঁছালে স্থানীয় ঝন্টুর নেতৃত্বে ৫ থেকে ৭ জনের একটি দল তার মোটরসাইকেলের গতিরোধ করে। পরে তারা রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তার ওপর এলোপাতাড়ি হামলা চালায়।
হামলার সময় তার চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এসে তাকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাকে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসা গ্রহণ করেন।
সাংবাদিক সেন্টু জানান, একটি তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে তার সেজো ভাইয়ের সঙ্গে বিরোধের জেরে বৃহস্পতিবার সকালে শার্শা থানায় সালিস হওয়ার কথা ছিল। ওই ঘটনার পূর্বশত্রুতার ধারাবাহিকতায় তার ওপর এ হামলা চালানো হয়ে থাকতে পারে বলে তিনি ধারণা করছেন।
এ ঘটনার পর শার্শা ও বেনাপোলের সাংবাদিক সমাজের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্থানীয় সাংবাদিক নেতারা ঘটনার নিন্দা জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
এ বিষয়ে বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশরাফ আলী বলেন, “ঘটনায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্তদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
সাংবাদিকের ওপর এ হামলার ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করছে।