মনজু বিজয় চৌধুরী, মৌলভীবাজার প্রতিনিধি
প্রকাশ : ২৮ মার্চ ২০২৬ রাত ০৭:৩৪:১২
শ্রীমঙ্গলে তেলের ডিপোতে বিজিবি মোতায়েন
মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলার তিনটি প্রধান তেলের ডিপোতে বিজিবি মোতায়েন করা হয়েছে।
বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সরকার আসিফ মাহমুদ জানান, তেলের ডিপোগুলোতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার রাখতে সার্বক্ষণিক নজরদারি বাড়ানো হয়েছে। শ্রীমঙ্গলের পদ্মা, মেঘনা ও যমুনা তেলের ডিপোতে ছয়জন করে বিজিবি সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন।
শ্রীমঙ্গল পদ্মা ডিপোর ব্যবস্থাপক মো. আব্দুল হান্নান বলেন, বিজিবি মোতায়েন করায় তারা নিরাপদ ও স্বাচ্ছন্দ্যবোধ করছেন। তিনি আরও জানান, তেলের তেমন কোনো ঘাটতি নেই, নিয়মিত সরবরাহ আসছে, তবে বিতরণে কিছুটা সময় লাগছে।
এদিকে তেলের পাম্পে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে শনিবার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে বিভিন্ন তেল পাম্পের মালিক, বিজিবি ও পুলিশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।