মোল্লাহাট (বাগেরহাট) প্রতিনিধি
প্রকাশ : ১১ জুন ২০২৬ রাত ১১:৫৫:১৫
মোল্লাহাটে গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে কর্মশালা
বুধবার (১১ জুন) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমনা আইরিন বলেন, “গ্রাম আদালত সাধারণ মানুষের দোরগোড়ায় দ্রুত, সহজ ও স্বল্পব্যয়ে বিচারসেবা পৌঁছে দেওয়ার একটি কার্যকর মাধ্যম। স্থানীয় পর্যায়ে ছোটখাটো বিরোধ নিষ্পত্তির মাধ্যমে সময় ও অর্থের সাশ্রয়ের পাশাপাশি সামাজিক শান্তি ও সম্প্রীতি বজায় রাখা সম্ভব হয়। গ্রাম আদালতের সুফল জনগণের কাছে পৌঁছে দিতে সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে সহকারী পুলিশ সুপার রাশেদুল ইসলাম রানা বলেন, “আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং সামাজিক সম্প্রীতি বজায় রাখতে গ্রাম আদালতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় পর্যায়ের বিরোধ দ্রুত নিষ্পত্তির ক্ষেত্রে এটি কার্যকর ভূমিকা রাখতে পারে। তাই গ্রাম আদালত সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে আরও ব্যাপক প্রচার-প্রচারণা প্রয়োজন।”
কর্মশালায় বক্তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্থানীয় পর্যায়ে ছোটখাটো দেওয়ানি ও ফৌজদারি বিরোধ সহজে নিষ্পত্তির সুযোগ রয়েছে। এতে সাধারণ মানুষ হয়রানি থেকে রক্ষা পান এবং বিচার ব্যবস্থার প্রতি আস্থা বৃদ্ধি পায়। গ্রাম আদালতের কার্যক্রম আরও গতিশীল ও কার্যকর করতে সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।
উল্লেখ্য, স্থানীয় সরকার বিভাগ, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সহযোগিতায় এবং ‘বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ (এভিসিবি)-৩য় পর্যায় প্রকল্প’-এর আওতায় কর্মশালাটির আয়োজন করা হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) সাদিয়া সুলতানা। এছাড়া উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. উসমান হামিদ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনীয়া আক্তার, প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম. এম. মফিজুর রহমান, উপ-পুলিশ পরিদর্শক বিজন সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা সুধান কুমার রায়, ব্যাপ্টিস্ট এইডের ব্যবস্থাপক রিচার্ড স্বপন দাসসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন গ্রাম আদালত (এভিসিবি-৩) প্রকল্পের মোল্লাহাট ও ফকিরহাট উপজেলা সমন্বয়কারী মিতা দে।