নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৫ আগস্ট ২০২৬ দুপুর ০২:২১:২৫
১৫ আগস্টকে ঘিরে টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নিরাপত্তা জোরদার, ৫ প্লাটুন বিজিবি মোতায়েন
১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী ঘিরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় অপ্রীতিকর ঘটনা এড়াতে ও সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা গ্রহণ করেছে প্রশাসন।
উপজেলার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ, গুরুত্বপূর্ণ সড়ক, সরকারি স্থাপনা ও জনসমাগমস্থলে অতিরিক্ত পুলিশ ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) সদস্য মোতায়েন করা হয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে গোয়েন্দা নজরদারি।
উপজেলা জুড়ে ডিবি পুলিশের সার্বক্ষণিক টহলও অব্যাহত রয়েছে। এছাড়া জেলার বিভিন্ন এলাকায় পাঁচ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে।
টুঙ্গিপাড়ায় শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ কমপ্লেক্সের তিনটি প্রবেশপথে পুলিশ, এপিবিএন ও সাদা পোশাকের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা নিরাপত্তাবলয় তৈরি করেছেন। উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, চৌরঙ্গীসহ গুরুত্বপূর্ণ বিভিন্ন এলাকাতেও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের অবস্থান করতে দেখা গেছে।
যৌথ টহলটি জেলা শহর হয়ে টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী বাসস্ট্যান্ড, কলেজ রোড ও চৌরঙ্গী এলাকা প্রদক্ষিণ করে শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধ এলাকায় যায়। পরে টহলটি আবার জেলা শহরে ফিরে আসে।
জেলা প্রশাসক মো. আরিফ-উজ-জামান বলেন, ‘১৫ আগস্ট জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতির যাতে কোনো অবনতি না ঘটে, সে জন্য পাঁচ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। আজ থেকেই বিজিবি টহল শুরু করেছে। তারা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সহায়তা করছে।’