রফিকুল ইসলাম, নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ বিকাল ০৫:২৮:১৬
নান্দাইলে তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রীর হস্তক্ষেপে শুরু হলো সড়ক সংস্কার কাজ
স্থানীয় সূত্রে জানা যায়, সড়কটির ওই অংশে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় বৃষ্টির পানি জমে যানবাহন ও পথচারীদের চলাচলে চরম দুর্ভোগ দেখা দেয়। দীর্ঘদিন ধরে এ সমস্যা থাকলেও কার্যকর কোনো উদ্যোগ না নেওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছিল।
বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত হলে তা তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরীর নজরে আসে। পরে তিনি বিষয়টিকে গুরুত্ব দিয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেন এবং দ্রুত সড়কটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
প্রতিমন্ত্রীর নির্দেশনার পর বৃহস্পতিবার থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মীরা ক্ষতিগ্রস্ত অংশে সংস্কার কাজ শুরু করেন।
এক বিবৃতিতে প্রতিমন্ত্রী ইয়াসের খান চৌধুরী বলেন, “মধুপুর-দেওয়ানগঞ্জ সড়কের বেহাল অবস্থা আমার নজরে আসার সঙ্গে সঙ্গে সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি। সাময়িক এই জনদুর্ভোগের জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।”
তিনি আরও বলেন, কয়েক বছর আগে সড়কটির উন্নয়নকাজের টেন্ডার প্রক্রিয়া সম্পন্ন হলেও কেন কাজ বাস্তবায়ন হয়নি, তা তদন্ত করে দেখার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট ঠিকাদারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও জানান তিনি।
স্থানীয় বাসিন্দা ও পরিবহন চালকরা জানান, দীর্ঘদিনের ভোগান্তির পর সংস্কার কাজ শুরু হওয়ায় তারা স্বস্তি ফিরে পেয়েছেন। দ্রুত কাজ শেষ করে সড়কটি পুরোপুরি যান চলাচলের উপযোগী করার দাবি জানিয়েছেন তারা।
এদিকে, এলাকাবাসী দ্রুত উদ্যোগ নেওয়ার জন্য প্রতিমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এবং সড়কের স্থায়ী উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন।