নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ রাত ০৬:৫৪:০৭
ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট উপলক্ষে নাগরপুরে ইউএনও’র প্রেস ব্রিফিং
টাঙ্গাইল জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে নাগরপুরে প্রেস ব্রিফিং করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. এরফান উদ্দিন।
বুধবার (৮ জুলাই) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়।
ব্রিফিংয়ে ইউএনও মো. এরফান উদ্দিন জানান, টুর্নামেন্টে টাঙ্গাইল জেলার ১২টি উপজেলা দুটি লেগে বিভক্ত হয়ে অংশ নেবে। প্রথম লেগে নাগরপুর উপজেলা ও দেলদুয়ার উপজেলা হোম অ্যান্ড অ্যাওয়ে ভিত্তিতে প্রতিদ্বন্দ্বিতা করবে।
তিনি জানান, টুর্নামেন্টের প্রথম ম্যাচ আগামী ১১ জুলাই নাগরপুর সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত হবে। উদ্বোধনী খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে স্থানীয় সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর।
প্রেস ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন নাগরপুর প্রেস ক্লাবের সভাপতি আখতারুজ্জামান বকুল, সাধারণ সম্পাদক মো. এরশাদ মিয়া, চ্যানেল এস-এর নাগরপুর উপজেলা প্রতিনিধি রিপন খান রবিনসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।
এ সময় টুর্নামেন্ট সফলভাবে আয়োজন এবং খেলাধুলার মাধ্যমে যুবসমাজকে ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার বিষয়ে বিভিন্ন দিক তুলে ধরা হয়।