শিবপুর (নরসিংদী) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ দুপুর ০২:৫৫:০৩
নরসিংদীর শিবপুরে পল্লী বিদ্যুতের চরম গাফিলতি: ঝুলে থাকা তারে দগ্ধ স্কুল শিক্ষার্থী রায়হান জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে
নরসিংদীর শিবপুরে পল্লী বিদ্যুৎ সমিতির চরম অবহেলা ও গাফিলতির কারণে একটি তাজা প্রাণ এখন নিভে যাওয়ার উপক্রম হয়েছে। উপজেলার কুমরাদী এলাকায় পল্লী বিদ্যুতের দীর্ঘদিন ধরে ঝুলে থাকা জরাজীর্ণ তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রথম শ্রেণির এক স্কুল শিক্ষার্থী গুরুতর দগ্ধ হয়েছে। বর্তমানে শিশুটি হাসপাতালের বিছানায় জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে পাঞ্জা লড়ছে।
আহত শিক্ষার্থীর নাম রায়হান, সে স্থানীয় একটি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র।
রোববার বেলা সাড়ে বারোটার দিকে স্কুল ছুটি শেষে বাড়ি ফেরার পথে অসাবধানতাবশত ঝুলে থাকা তারের সংস্পর্শে আসে। মুহূর্তে বিকট শব্দে বিদ্যুতায়িত হয়ে তার শরীরে আগুন ধরে যায় এবং স্থানীয়রা চিৎকার শুনে দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করে। বিদ্যুৎস্পৃষ্টের তীব্রতায় শিশুটির শরীরের সিংহভাগ অংশ গুরুতরভাবে দগ্ধ হয়। আশঙ্কাজনক অবস্থায় রায়হানকে প্রথমে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। পরে নরসিংদী জেলা হাসপাতালে নেওয়া হয়। সেখানে তার অবস্থার দ্রুত অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে স্থানান্তর করেন। বর্তমানে সেখানেই শিশুটি চিকিৎসাধীন রয়েছে।
চিকিৎসকদের মতে, শিশুটির অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক এবং তাকে নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, শিবপুর জোনাল অফিসের অধীনে কুমরাদী এলাকার একটি রাস্তার পাশে পল্লী বিদ্যুতের মেইন লাইনের তার দীর্ঘদিন ধরে অত্যন্ত ঝুঁকিপূর্ণভাবে নিচের দিকে ঝুলে ছিল। এই বিষয়ে স্থানীয়রা একাধিকবার নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শিবপুর জোনাল অফিসে মৌখিক ও লিখিতভাবে অভিযোগ জানালেও কর্তৃপক্ষ কোনো কার্যকর পদক্ষেপ নেয়নি।
এই মর্মান্তিক দুর্ঘটনার পর কুমরাদী এলাকায় তীব্র উত্তেজনা ও জনক্ষোভের সৃষ্টি হয়েছে। ক্ষুব্ধ এলাকাবাসী বিদ্যুৎ অফিসের চরম গাফিলতিকে দায়ী করে দোষী কর্মকর্তা ও কর্মচারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষোভ করেছেন।
স্থানীয়দের অভিযোগ, শিবপুর পল্লী বিদ্যুৎ অফিস সাধারণ মানুষের নিরাপত্তা ও সেবার বিষয়ে বরাবরই উদাসীন। বারবার ধরণা দেওয়ার পরও তারা ঝুঁকিপূর্ণ তার মেরামত করেনি, যার মাশুল দিতে হচ্ছে এই নিষ্পাপ শিশুকে।
এই বিষয়ে জানতে নরসিংদী পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর শিবপুর জোনাল অফিসের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে প্রথমে তারা বিষয়টি এড়িয়ে যাওয়ার চেষ্টা করেন। পরবর্তীতে জানানো হয়, ঘটনাটি খতিয়ে দেখতে একটি তদন্ত কমিটি গঠন করা হবে এবং কারো অবহেলা প্রমাণিত হলে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।