লালমনিরহাট প্রতিনিধি
প্রকাশ : ১০ জুলাই ২০২৬ রাত ১০:০২:২৯
প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করলেন এমপি
লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।
শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে অনুষ্ঠিত এ কর্মসূচিতে উপজেলার ২০টি ক্ষতিগ্রস্ত পরিবারের হাতে ২০ বান্ডিল ঢেউটিন এবং ঘর মেরামতের জন্য প্রতিজনকে ৩ হাজার টাকার চেক তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) এইচ. এম. মাজহারুল রহমান, উপজেলা প্রকৌশলী হাবিবুর রহমান, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. ফেরদৌসুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা তুষার কান্তি রায়সহ স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে সরকার বিভিন্ন ধরনের সহায়তা কার্যক্রম বাস্তবায়ন করছে। তিনি আশা প্রকাশ করেন, এ সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর ঘরবাড়ি মেরামত এবং স্বাভাবিক জীবনে ফিরে আসতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।