বাবুল আকতার, ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি:
প্রকাশ : ৩০ জুন ২০২৬ বিকাল ০৫:৫৪:৫৬
ভাঙ্গুড়ায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
পাবনার ভাঙ্গুড়া উপজেলা প্রশাসনের আয়োজনে মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৩০ জুন) উপজেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় আইনশৃঙ্খলা পরিস্থিতি, মাদক নিয়ন্ত্রণ, বাজার ব্যবস্থাপনা ও সড়ক নিরাপত্তাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করা হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মিজানুর রহমান।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচএ) ডা. হালিমা খানম লিমা, ভাঙ্গুড়া থানার তদন্ত ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা শারমিন জাহান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আতিকুজ্জামান, উপজেলা বিএনপির আহ্বায়ক নূর মোজাহিদ স্বপন, উপজেলা জামায়াতের আমির মাওলানা মহির উদ্দিন, ভাঙ্গুড়া প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক মাহবুব উল আলম বাবলু, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান ফারুক, পৌর বিএনপির সভাপতি রফিকুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি জহুরুল ইসলাম, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সরকারি দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি ও স্থানীয় নেতৃবৃন্দ।
সভায় চুরি, ছিনতাই ও মাদক-সংশ্লিষ্ট অপরাধ দমনে আইনশৃঙ্খলা বাহিনীর টহল ও তৎপরতা আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি মাদক ও অন্যান্য অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, বিভিন্ন উৎসবকে কেন্দ্র করে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী ও জনপ্রতিনিধিদের সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
সভাপতির বক্তব্যে ভারপ্রাপ্ত ইউএনও মো. মিজানুর রহমান বলেন, জনগণের সেবায় প্রশাসন ২৪ ঘণ্টা কাজ করছে। উপজেলার যেকোনো গুরুত্বপূর্ণ বিষয়ে তাৎক্ষণিকভাবে অবহিত করা হলে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এ ছাড়া সভায় বাজার ব্যবস্থাপনা, সড়ক নিরাপত্তা এবং সার্বিক জননিরাপত্তা নিশ্চিত করতে বিভিন্ন করণীয় নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় বক্তারা বলেন, ভাঙ্গুড়া উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রশাসন, পুলিশ ও স্থানীয় জনপ্রতিনিধিদের সমন্বিত উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে।