শাহপরান, কসবা-আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৫:২৪:১৯
কসবা সীমান্তে ইজিবাইকে অভিনব কৌশলে লুকানো ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালিয়ে একটি ইজিবাইকে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮০ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ৪ লাখ ৩০ হাজার টাকা।
সোমবার (২৯ জুন) সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজিবির মহাপরিচালকের নির্দেশনায় সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি জোরদারের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম শরিফুল ইসলাম, এএসসি-এর দিকনির্দেশনায় সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কসবা উপজেলার চন্ডিদার বিওপির টহলদল মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে একটি ইজিবাইক তল্লাশি করে অভিনব কৌশলে লুকিয়ে রাখা ৮০ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য উল্লেখ করা হয়নি।
বিজিবি জানায়, সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি পুশইন, নারী ও শিশু পাচার, মাদক ও অন্যান্য চোরাচালান প্রতিরোধে সুলতানপুর ব্যাটালিয়ন নিয়মিত গোয়েন্দা নজরদারি ও বিশেষ অভিযান পরিচালনা করছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিজিবি।