নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ১০:২২:০৯
৩০ জুলাই সারাদেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা
কমিশন বৃদ্ধির দাবিতে আগামী ৩০ জুলাই সারাদেশের সব সিএনজি ফিলিং স্টেশন একদিনের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সিএনজি ফিলিং স্টেশন অ্যান্ড কনভার্সন ওয়ার্কশপ ওনার্স অ্যাসোসিয়েশন। এদিন সকাল ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত স্টেশনগুলো বন্ধ থাকবে।
মঙ্গলবার (২১ জুলাই) রাজধানীর বিজয়নগরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কর্মসূচি বাস্তবায়নের জন্য গঠিত স্টিয়ারিং কমিটির আহ্বায়ক আমিরুজ্জামান চৌধুরী। তিনি বলেন, ‘দীর্ঘদিন ধরে কমিশন বৃদ্ধি না হওয়ায় ফিলিং স্টেশন পরিচালনায় মালিকরা আর্থিক সংকটে পড়েছেন। দাবি আদায়ে ৩০ জুলাই প্রতীকীভাবে একদিনের জন্য স্টেশন বন্ধ রাখা হবে।’
আরও পড়ুন: সিএনজি ফিলিং স্টেশনে ফোন ব্যবহার কেন বিপজ্জনক?
তিনি আরও বলেন, ‘দাবি পূরণ না হলে আগামী ২৩ আগস্ট থেকে অনির্দিষ্টকালের জন্য সারা দেশে সিএনজি ফিলিং স্টেশন বন্ধ করে দেওয়া হবে।’
সংগঠনের নেতারা জানান, ২০১৫ সালের ১ সেপ্টেম্বর প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে ৮ টাকা কমিশন নির্ধারণ করা হয়েছিল। এরপর গত ১১ বছরে মূল্যস্ফীতি, শ্রমিকের মজুরি, যন্ত্রপাতি ও যন্ত্রাংশের দাম, ব্যাংক কমিশন, সড়ক ও জনপথ বিভাগের জমির ইজারা ফি এবং বিভিন্ন সরকারি লাইসেন্স ফি উল্লেখযোগ্যভাবে বেড়েছে। ফলে বর্তমান কমিশনে স্টেশন পরিচালনা করা কঠিন হয়ে পড়েছে।
তাদের দাবি, প্রতি ঘনমিটার সিএনজি বিক্রিতে কমিশন বাড়িয়ে ন্যূনতম ১৩ টাকা ৯৬ পয়সা নির্ধারণ করতে হবে। অর্থাৎ বর্তমান হারের তুলনায় কমিশন ৫ টাকা ৯৬ পয়সা বাড়ানোর দাবি জানানো হয়েছে।
তবে দাবি আদায়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা অব্যাহত থাকবে বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়।