রুহুল আমিন কিবরিয়া, বগুড়া জেলা প্রতিনিধি
প্রকাশ : ২১ জুলাই ২০২৬ রাত ০৯:৪৫:৩২
বগুড়ায় সরকারি সড়কের অধিকগ্রহণকৃত জমিতে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ
বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের সোনাহাটা জিসি–বাগবাড়ি সড়কের অধিকগ্রহণকৃত সরকারি জমিতে অবৈধভাবে বাউন্ডারি ওয়াল নির্মাণের অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, সড়কটির ৫০০ মিটার চেইনেজ এলাকায় উত্তর পাশে অধিকগ্রহণকৃত সরকারি জায়গায় রাস্তার এজিং থেকে প্রায় এক ফুট দূরে, সড়কের সোল্ডারের ওপর বাউন্ডারি ওয়াল নির্মাণকাজ চলমান রয়েছে।
সংশ্লিষ্ট সূত্রের দাবি, নির্মাণকাজ বন্ধ রাখার জন্য পূর্বেই সংশ্লিষ্ট ব্যক্তিকে মৌখিকভাবে নিষেধ করা হলেও তিনি তা অমান্য করে কোনো ধরনের অনুমতি বা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা ছাড়াই নির্মাণকাজ চালিয়ে যাচ্ছেন।
অভিযোগে অভিযুক্ত হিসেবে ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের নান্দিয়ার পাড়া গ্রামের আফজাল ফকিরের ছেলে জাহিদুল ফকিরের নাম উল্লেখ করা হয়েছে।
এ ঘটনায় দ্রুত তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেছেন অভিযোগকারী।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।