মোঃ শাহপরান, কসবা (আখাউড়া) ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ দুপুর ১২:৫৫:০৮
কসবায় পৃথক অভিযানে ৫ মাদকসেবীর ৬ মাস করে কারাদণ্ড
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় মাদকবিরোধী পৃথক অভিযানে ৫ মাদকসেবীকে আটক করে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। পরে তাদের জেল হাজতে প্রেরণ করা হয়।
২৪ জুন বুধবার কসবা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজনীন সুলতানার নেতৃত্বে সঙ্গীয় পুলিশ কর্মকর্তা ও ফোর্স উপজেলার বিভিন্ন স্থানে পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে মাদক সেবনের অভিযোগে ৫ জনকে আটক করা হয়।
সাজাপ্রাপ্তরা হলেন— মিরশাহপুর গ্রামের শহীদ মিয়ার ছেলে মো. বাবুল (৩০), মাদলা গ্রামের ফিরোজ মিয়ার ছেলে সজিব মিয়া (২২), কুটি দক্ষিণপাড়া গ্রামের মৃত শাহ আলমের ছেলে শরীফ মিয়া (৩০), কুটি গ্রামের মৃত কালন সরদারের ছেলে দেলোয়ার (৩৫) এবং কুটি পশ্চিমপাড়া গ্রামের আক্তার মিয়ার ছেলে আকরাম (৩০)।
আটকদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রত্যেককে ৬ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়।
সাজার রায় প্রদান করেন কসবা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ ছামিউল ইসলাম এবং সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ তানজিল কবির।
পুলিশ সূত্রে জানা যায়, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।