ফেনী প্রতিনিধি
প্রকাশ : ১ জুলাই ২০২৬ বিকাল ০৫:৩৫:৩৫
এপেক্স ক্লাব অব ফেনীর বৃক্ষরোপণ ও খাবার বিতরণ কর্মসূচি পালিত
আন্তর্জাতিক সেবা সংগঠন এপেক্স ক্লাব অব ফেনীর উদ্যোগে ৩০ জুন বুধবার একটি মানবিক ও পরিবেশবান্ধব কর্মসূচি পালিত হয়েছে। এই কর্মসূচির আওতায় মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ এবং বৃক্ষরোপণ কার্যক্রম সম্পন্ন করা হয়।
কর্মসূচির শুরুতে শহরের জামিয়া রহমানিয়া মাদ্রাসায় এতিম ও মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে দুপুরের খাবার বিতরণ করা হয়। এরপর সংগঠনের পক্ষ থেকে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এপেক্স বাংলাদেশের ডিস্ট্রিক্ট ৮-এর ডিজি এপেক্সিয়ান ইয়াছিন সুমন। এপেক্স ক্লাব অব ফেনীর প্রেসিডেন্ট এপেক্সিয়ান শাহাদাত হোসেন পাটোয়ারীর সভাপতিত্বে অনুষ্ঠানে সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এপেক্স ক্লাব অব ফেনীর চার্টার প্রেসিডেন্ট জহিরুল হক মিলু, ডিস্ট্রিক্ট আটের ট্রি প্লান্টেশন কোঅর্ডিনেটর শাহিদুর রহমান শাহিনুর, এপেক্স ক্লাব অব ফেনীর ফার্স্ট প্রেসিডেন্ট বেলাল হোসেন মিলন, মনির হোসেন, নাজরানা হাফিজ অম্লান এবং এপেক্স ক্লাব অব ফেনীর সেক্রেটারি রনি কুমার মজুমদার।
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে এপেক্স ক্লাব অব ফেনী নিয়মিত বিভিন্ন সেবামূলক কার্যক্রম পরিচালনা করে আসছে বলে জানিয়েছেন আয়োজকরা।