খন্দকার মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ : ২৪ জুন ২০২৬ দুপুর ০২:০৪:৪৬
সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে টাইগার সোহেল গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের অঙ্গসংগঠন যুবলীগের নেতা মো. সোহেল মিয়া ওরফে ‘টাইগার সোহেল’কে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৩ জুন) রাতে উপজেলার জিনোদপুর ইউনিয়ন এলাকা থেকে নবীনগর থানার এসআই মো. মনির আহমেদের নেতৃত্বে পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে। সোহেল মিয়া জিনোদপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি পদপ্রার্থী ছিলেন বলে জানা গেছে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে নবীনগর থানায় মারামারি, মাদক, চাঁদাবাজি ও ডাকাতিসহ বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এছাড়া ৫ আগস্টের পর স্থানীয় বাসিন্দা হাসান মিয়ার বাড়িতে সংঘটিত একটি ডাকাতির ঘটনায়ও তাকে গ্রেপ্তার করা হয়েছিল।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন জানান, আওয়ামী লীগ সরকারের সময় সাবেক সংসদ সদস্য এবাদুল করিম বুলবুলের ঘনিষ্ঠ হিসেবে এলাকায় সোহেলের প্রভাব বিস্তার ঘটে। ওই প্রভাব কাজে লাগিয়ে তিনি জিনোদপুর বাজার কমিটির সভাপতিও নির্বাচিত হন।
স্থানীয়দের অভিযোগ, সোহেল দীর্ঘদিন ধরে এলাকায় মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক ব্যবসা ও নানা অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত। একপর্যায়ে তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ নামে পরিচিত করতে শুরু করেন। এলাকাবাসীর অনেকেই তাকে মাদক ব্যবসার অন্যতম নিয়ন্ত্রক হিসেবে চিহ্নিত করে থাকেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদুল আলম চৌধুরী বলেন, “টাইগার সোহেল যুবলীগের নেতা এবং একজন চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অপরাধের অভিযোগে একাধিক মামলা রয়েছে। তাকে সন্ত্রাসবিরোধী আইনে আদালতে সোপর্দ করা হবে।”