গোপালগঞ্জ প্রতিনিধি
প্রকাশ : ১ জুলাই ২০২৬ রাত ০৮:০৬:০৫
গোপালগঞ্জে নবনির্বাচিত জেলা আইনজীবী সমিতির পরিচিতি সভা অনুষ্ঠিত
গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির পরিচিতি ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে জেলা ও দায়রা জজ আদালতের সম্মেলন কক্ষে আদালতের বিচারকবৃন্দের সঙ্গে এ সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে গোপালগঞ্জের সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হকসহ জেলা আদালতের বিভিন্ন পর্যায়ের বিচারক এবং জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বক্তব্য দেন সিনিয়র জেলা ও দায়রা জজ মোহাম্মদ সামছুল হক, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক সৈয়দ আরাফাত হোসেন, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ মোরশেদ আলম এবং ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) মো. রেজাউল করিম।
বক্তারা নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়ে আইনের শাসন প্রতিষ্ঠা এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে বার ও বেঞ্চের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রেখে কাজ করার আহ্বান জানান।
আইনজীবী সমিতির পক্ষ থেকে বক্তব্য দেন নবনির্বাচিত সভাপতি কাজী আবুল খায়ের, সহ-সভাপতি মো. ফরহাদ মোল্লা, সহ-সভাপতি মো. মঈনুল হাসান মৃধা এবং সাধারণ সম্পাদক এন্তেখাফ আলম সেলিম।
তারা আদালতের মর্যাদা রক্ষা এবং বিচারব্যবস্থার সার্বিক উন্নয়নে বিচারকদের সঙ্গে সমন্বয়ের ভিত্তিতে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি আইনজীবীদের পেশাগত মানোন্নয়ন ও কল্যাণে নিরলসভাবে কাজ করার অঙ্গীকারও করেন।
উল্লেখ্য, গত ২৩ মে ২০২৬ গোপালগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী কমিটির নির্বাচন অনুষ্ঠিত হয়। ওই নির্বাচনে ১৬টি পদের সবকটিতেই বিএনপিপন্থী আইনজীবীরা বিজয়ী হন।