শামীম আহমেদ জয়, মতলব প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুন ২০২৬ বিকাল ০৫:২৫:২৪
মতলব উত্তরে ১৫০ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় পৃথক মাদকবিরোধী অভিযানে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও ৩০০ গ্রাম গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, মতলব উত্তর থানার আওতাধীন গজরা ইউনিয়নের কাশিমনগর এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতদের মধ্যে কাশিমনগর (বকাউল বাড়ি) এলাকার মৃত আকরাম আলীর ছেলে মো. রহমত বকাউল (৩৬)-এর কাছ থেকে ১৫০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মোট ওজন ১৫ গ্রাম এবং এর আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ হাজার টাকা।
অপর অভিযানে কাশিমনগর (প্রধান বাড়ি) এলাকার মৃত আলী হোসেন প্রধানের ছেলে মিজানুর রহমান (৩৫)-এর হেফাজত থেকে ৩০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। জব্দকৃত গাঁজার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ হাজার ৫০০ টাকা।
পুলিশ জানায়, উদ্ধার করা মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং গ্রেপ্তারকৃত দুই আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা দায়ের করা হয়েছে।
মতলব উত্তর থানা পুলিশ জানিয়েছে, মাদক নির্মূলে তাদের অভিযান চলমান রয়েছে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।