খন্দকার মো. আলমগীর হোসেন, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
প্রকাশ : ৯ জুলাই ২০২৬ সকাল ১১:৪৫:৩১
প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণিকক্ষে মাদক সেবনের অভিযোগে আটক ১
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নাটঘর ইউনিয়নের রসুলপুর পাঁচভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে মাদক সেবনের অভিযোগে উদয় সরকার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। সে উপজেলার রসুলপুর গ্রামের হীরালাল সরকারের ছেলে
স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে দীর্ঘদিন ধরে মাদক সেবনের অভিযোগ ছিল। এ অভিযোগের ভিত্তিতে বুধবার (৮ জুলাই) দুপুরে বিদ্যালয়ের প্রধান শিক্ষক, স্থানীয় বাসিন্দা ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে অভিযান পরিচালনাকালে উদয় সরকারকে শ্রেণিকক্ষের ভেতর থেকে হাতেনাতে আটক করা হয়।
এ ঘটনায় অভিভাবক ও সচেতন মহলের মধ্যে উদ্বেগ সৃষ্টি হয়েছে। তাদের মতে, শিক্ষাপ্রতিষ্ঠান শিশুদের নিরাপদে শিক্ষা গ্রহণের স্থান। সেখানে মাদক সেবনের মতো ঘটনা অত্যন্ত নিন্দনীয় এবং শিক্ষা পরিবেশের জন্য বড় ধরনের হুমকি।
স্থানীয়রা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত দোষীদের শনাক্ত করে জড়িতদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোর্শেদুল ইসলাম চৌধুরী বলেন, “ঘটনাটি তদন্ত করে আইন অনুযায়ী অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”