নরসিংদী প্রতিনিধি
প্রকাশ : ৮ জুলাই ২০২৬ রাত ০৮:৪২:০৪
রায়পুরায় টানা বর্ষণে মাটির ঘরের দেয়াল ধসে প্রাণ গেল প্রথম শ্রেণির শিক্ষার্থীর
নরসিংদীর রায়পুরা উপজেলায় টানা ভারি বর্ষণের কারণে একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়াল ধসে তানঝুমা (৮) নামে প্রথম শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
বুধবার (৮ জুলাই) দুপুর ১টার দিকে উপজেলার মরজাল ইউনিয়নের মাইজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত তানঝুমা মাইজপাড়া গ্রামের আপেল মিয়ার মেয়ে। সে স্থানীয় মাইজপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী ছিল।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে বিদ্যালয় থেকে বাড়ি ফেরার পর বাড়ির পাশে থাকা একটি পরিত্যক্ত মাটির ঘরের দেয়ালের কাছে যায় তানঝুমা। কয়েক দিনের টানা বর্ষণে দুর্বল হয়ে পড়া দেয়ালটি হঠাৎ ধসে তার ওপর পড়ে। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধারের চেষ্টা করলেও ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
এ ঘটনায় পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। নিহতের বাবা কর্মসূত্রে কক্সবাজারে অবস্থান করছেন। তিনি বাড়ি ফেরার পর তানঝুমার দাফন সম্পন্ন হবে বলে পরিবার জানিয়েছে।
রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদ রানা বলেন, “টানা বৃষ্টিতে ভিজে নরম হয়ে যাওয়ায় মাটির দেয়ালটি ধসে পড়ে। এতে শিশুটি চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। উপজেলা প্রশাসন পরিবারের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রাখছে এবং প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করা হবে।”
রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মজিবুর রহমান বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”