নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশ : ১ জুলাই ২০২৬ রাত ০৬:০৩:১৫
নাগরপুরে নিখোঁজের তিন দিন পর পাটক্ষেতে মিলল অর্ধগলিত লাশ
টাঙ্গাইলের নাগরপুরে নিখোঁজ হওয়ার তিন দিন পর শওকত মোল্লা (৫৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ পাটক্ষেত থেকে উদ্ধার করেছে পুলিশ। তিনি উপজেলার সহবতপুর ইউনিয়নের নলসন্ধ্যা গ্রামের মৃত জয়েদ আলী মোল্লার ছেলে।
বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার বিন্নাওঝা গ্রামের গাজী কবিরের পাটক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জহুরুল ইসলাম।
পরিবার, পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, স্থানীয় লোকজন বিন্নাওঝা গ্রামের একটি পাটক্ষেতে অর্ধগলিত একটি মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহটি শওকত মোল্লার বলে শনাক্ত করেন। পরে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।
নিহতের চাচাতো ভাই মো. আয়নাল মোল্লা জানান, শওকত মোল্লা গত তিন দিন ধরে নিখোঁজ ছিলেন। বুধবার দুপুরে বিন্নাওঝা গ্রামে একটি মরদেহ পাওয়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তিনি তাঁর ভাইয়ের মরদেহ শনাক্ত করেন।
নাগরপুর থানার ওসি মো. জহুরুল ইসলাম বলেন, ইউনিয়ন পরিষদের সদস্যদের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে নিহতের ছেলের মাধ্যমে মরদেহ শনাক্ত করা হয়। প্রাথমিকভাবে মরদেহে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গেছে।
তিনি আরও জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনে তদন্ত চলছে এবং আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।