কোনাবাড়ী (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ : ২৯ জুন ২০২৬ বিকাল ০৫:২৬:৩৩
গাজীপুরের কোনাবাড়ীতে শতাধিক অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ী এলাকায় অবৈধ গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান চালিয়ে প্রায় শতাধিক চুলার সংযোগ বিচ্ছিন্ন করেছে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনাল অফিস।
সোমবার (২৯ জুন) দুপুরে মহানগরীর কোনাবাড়ী থানার সামনে অবস্থিত চারটি বহুতল ভবন এবং আরিফ হাউজিং এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
তিতাস গ্যাস সূত্রে জানা যায়, অভিযানে অবৈধভাবে ব্যবহার করা প্রায় ১০০টি চুলার গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। সংশ্লিষ্ট ভবনগুলোর মালিকদের মধ্যে পারু, আরিফ, মোবারকসহ কয়েকজনের নাম উল্লেখ করা হয়েছে।
তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের চন্দ্রা জোনাল অফিসের প্রকৌশলী নূর নবী বলেন, “অবৈধভাবে নেওয়া গ্যাস সংযোগগুলো বিচ্ছিন্ন করা হয়েছে। অবৈধ গ্যাস ব্যবহার বন্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।”
অবৈধ গ্যাস সংযোগের কারণে জাতীয় সম্পদের অপচয় ও রাজস্ব ক্ষতি রোধে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে বলেও সংশ্লিষ্টরা জানিয়েছেন।