মৌলভীবাজার থেকে, মনজু বিজয় চৌধুরী
প্রকাশ : ৩১ মার্চ ২০২৬ রাত ০৯:১২:৩০
মৌলভীবাজারে নাজাতের অর্থায়নে হুইলচেয়ার, সেলাই মেশিন ও রিকশা পেয়ে খুশি দুস্থরা
মৌলভীবাজারে যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক চ্যারিটি সংস্থা নাজাত ইসলামী মারকাজের অর্থায়নে দরিদ্র ও অসহায় মানুষের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও প্যাডেল চালিত রিকশা বিতরণ করা হয়েছে। মৌলভীবাজার ওয়েলফেয়ার অ্যান্ড ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়।
মঙ্গলবার (৩১ মার্চ) দুপুর সাড়ে ১২টায় শহরের প্রেসক্লাব চত্বরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব সহায়তা সামগ্রী বিতরণ করেন নাজাত ইসলামী মারকাজ ও গরীব অ্যান্ড এতিম ট্রাস্ট ফান্ডের চেয়ারম্যান মাওলানা শেখ ছালেহ আহমদ হামিদী।
তিনি বলেন, “আমাদের কোনো রাজনৈতিক লক্ষ্য নেই। যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী ভাই-বোনদের দানের অর্থ আমরা ট্রাস্ট ফান্ডের মাধ্যমে গরিব মানুষের কাছে পৌঁছে দিচ্ছি।” তিনি আরও জানান, ভবিষ্যতে মৌলভীবাজারে ২০০টি রিকশা, ৩৫০টি হুইলচেয়ার ও ২৫০টি ঠেলাগাড়ি বিতরণের পরিকল্পনা রয়েছে।
তিনি বলেন, গত ১৯ বছর ধরে প্রবাসীদের সহায়তায় গরীব অ্যান্ড এতিম ট্রাস্ট ফান্ডের মাধ্যমে নীরবে সারাদেশে মানবিক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ইতোমধ্যে দেশে প্রায় এক হাজার ঘর নির্মাণ করে দেওয়া হয়েছে এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলায় ৩০টি মসজিদ নির্মাণের কাজ হাতে নেওয়া হয়েছে।
শেখ শামসুজ্জামান আহমদের সভাপতিত্বে ও ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ডা. শেখ হোসাইন আহমদ হামিদীর সঞ্চালনায় অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলাওয়াত করেন প্রচার সম্পাদক মো. সাইদুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামেয়া আরাবিয়া টাইটেল মাদ্রাসার প্রিন্সিপাল শায়খুল হাদিস মুফতি মাওলানা হাবিবুর রহমান ক্বাসেমী, মুফতি মাওলানা হাবিবুর রহমান শামিম, ব্যবসায়ী বদরুল আলম নোমান, তাজুল ইসলাম, ইছুব মিয়া ও বিশিষ্ট শালিস ব্যক্তিত্ব মো. রানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে জেলার ৩০ জন অসহায় নারী-পুরুষের মাঝে হুইলচেয়ার, সেলাই মেশিন ও রিকশা বিতরণ করা হয়।