একুশে ফেব্রুয়ারি
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০২৬ দুপুর ১২:৫০:২৮
নিরাপত্তা শঙ্কা নেই, তবুও সর্বোচ্চ সতর্কতা: ডিএমপি কমিশনার
অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে রাজধানীজুড়ে ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন থাকবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহাম্মদ সাজ্জাত আলী। তবে তিনি জানিয়েছেন এতে নির্দিষ্ট কোনো নিরাপত্তা শঙ্কা নেই, তবুও সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হয়েছে।
তিনি জানান, নিরাপত্তা ব্যবস্থা শুধু শহীদ মিনারকেন্দ্রিক নয়; পুরো ঢাকা মহানগরজুড়েই থাকবে। প্রতিবছরের মতো এবারও ব্যাপক জনসমাগমের সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, "ঢাকাবাসী ধৈর্য ও শৃঙ্খলার সঙ্গে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। আশা করছি, এবারও শান্তিপূর্ণভাবে কর্মসূচি সম্পন্ন হবে।"
ডিএমপির ট্রাফিক বিভাগের অতিরিক্ত কমিশনার জানান, একুশের প্রহর শুরুর আগে সন্ধ্যা থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সাতটি পয়েন্টে যান চলাচলে ডাইভারশন দেওয়া হবে। এ বিষয়ে আগাম নির্দেশনা মেনে চলার জন্য নগরবাসীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
ডিএমপি কমিশনার আরও বলেন, মহান শহীদ দিবসে ভাষা সৈনিকদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনারে ব্যাপক লোকসমাগম হবে।
এ উপলক্ষে কয়েক স্তরের নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং পর্যাপ্ত সংখ্যক স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করবেন।
তিনি জানান, ফেব্রুয়ারি বাঙালির আবেগের মাস। যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০২৬ উদযাপনের সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। প্রথম প্রহরে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করবেন।
এছাড়া বিদেশি কূটনীতিকরাও শ্রদ্ধা জানাবেন। পরবর্তীতে শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে।
সর্বসাধারণের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, শৃঙ্খলা বজায় রেখে এবং শহীদ মিনারের পবিত্রতা অক্ষুণ্ন রেখে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হবে। এ ক্ষেত্রে সবার সহযোগিতা কামনা করেন তিনি।