নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ৪ জুলাই ২০২৬ রাত ১১:০৮:৩২
ট্রাম্পকে শুভেচ্ছা জানিয়ে প্রধানমন্ত্রীর চিঠি
মার্কিন যুক্তরাষ্ট্রের ২৫০তম স্বাধীনতা দিবস উপলক্ষে দেশটির প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (৪ জুলাই) প্রেসিডেন্ট ট্রাম্পের উদ্দেশে পাঠানো এক চিঠিতে তিনি এ অভিনন্দন জানান। প্রধানমন্ত্রীর কার্যালয়ের প্রেস উইং বিষয়টি নিশ্চিত করেছে।
চিঠিতে প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ‘বাংলাদেশের সরকার, জনগণ ও আমার নিজের পক্ষ থেকে আপনাকে এবং আপনার মহান দেশ মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের গুরুত্বপূর্ণ মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা আশাবাদী যে, আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতে আরও মহানতার পথে এগিয়ে চলেছে।’
চিঠিতে প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ সরকার, দেশের জনগণ এবং আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণকে ২৫০তম স্বাধীনতা দিবসের এই ঐতিহাসিক মাইলফলক উপলক্ষে আন্তরিক অভিনন্দন জানাই। আমরা বিশ্বাস করি, আপনার বাস্তববাদী নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র আগামী দশকগুলোতেও আরও সমৃদ্ধি ও মহানতার পথে এগিয়ে যাবে।’
তারেক রহমান বলেন, মার্কিন যুক্তরাষ্ট্র যখন দেশজুড়ে ২৫০তম স্বাধীনতা দিবস উদ্যাপন করছে, তখন এই গৌরবময় অর্জন শুধু যুক্তরাষ্ট্রের জনগণের জন্যই নয়, বরং বিশ্বের মানুষের কাছেও অনুপ্রেরণার উৎস। যুক্তরাষ্ট্রের ২৫০ বছরের ইতিহাসে ‘আমেরিকান ড্রিম’, ত্যাগ, স্বাধীনতা, মূল্যবোধ, ঐতিহ্য, নৈতিকতা এবং বিশ্বসভ্যতায় অবদান বিশ্বজুড়ে মানুষের জন্য প্রেরণার উৎস হয়ে রয়েছে।
তিনি বলেন, ‘স্বাধীনতার পর থেকেই যুক্তরাষ্ট্র বাংলাদেশের গণতান্ত্রিক অগ্রযাত্রা ও উন্নয়ন প্রচেষ্টার এক মূল্যবান বন্ধু এবং গুরুত্বপূর্ণ অংশীদার। গত পাঁচ দশকে দুই দেশের সম্পর্ক বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা, প্রতিরক্ষা সহযোগিতা এবং জনগণের পারস্পরিক যোগাযোগের মাধ্যমে একটি শক্তিশালী ও বহুমাত্রিক অংশীদারত্বে পরিণত হয়েছে। চলতি বছরের শুরু থেকে বাণিজ্য, জ্বালানি সহযোগিতা এবং বিনিয়োগের ক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতির মধ্য দিয়ে বাংলাদেশ–যুক্তরাষ্ট্র সম্পর্ক নতুন এক অধ্যায়ে প্রবেশ করেছে। একই সঙ্গে রোহিঙ্গা সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রের অব্যাহত সহযোগিতা ও উদারতার জন্য গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি।’
প্রধানমন্ত্রী অভিন্ন স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন ক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সঙ্গে অংশীদারত্ব আরও শক্তিশালী ও গভীর করতে ট্রাম্প প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। পাশাপাশি তিনি প্রেসিডেন্ট ট্রাম্পের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও অব্যাহত সাফল্য কামনা করেন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণের জন্য স্থায়ী শান্তি, সমৃদ্ধি ও সুখ কামনা করেন।