ইরানজুড়ে রাতভর ব্যাপক হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। এতে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (৭ এপ্রিল) কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। স্থানীয় মিডিয়ার বরাতে খবরে বলা হয়েছে, পূর্ব তেহরানের পারদিস শহরে ভবনের ধ্বংসাবশেষ থেকে ছয়জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, পশ্চিম তেহরান প্রদেশের শাহরিয়ারে আবসিক ভবন লক্ষ্য করে বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এতে নয়জন নিহত হয়েছে। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়ার হুঁশিয়ারি বার্তা দিয়েছেন। ট্রাম্প লিখেছেন, মঙ্গলবার হবে ইরানের জন্য বিদ্যুৎকেন্দ্র আর সেতু দিবস, সবকিছু গুঁড়িয়ে এক করে দেওয়া হবে, এরকম আর হয়নি। এখনি (হরমুজ) প্রণালি খুলে দাও, পাগলা বেজম্মারা, না হলে তোমাদের জাহান্নামে পড়তে হবে- শুধু দেখো, আল্লাহর কাছে দোয়া করো। ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের অতর্কিত হামলা মঙ্গলবার পর্যন্ত টানা ৩৯ দিন ধরে চলছে। এতে ইরানের শীর্ষ নেতাসহ বহু হতাহত ও ক্ষয়ক্ষতি হয়েছে। এর পাল্টা জবাব হিসেবে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে হামলা চালাচ্ছে ইরানি বাহিনী।
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৫৩:৪৪
সাবেক স্পীকার শিরীন শারমিনের দুই দিনের রিমান্ড আবেদন
রাজধানীর লালবাগ থানার হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে কারাগারে আটক রাখার আবেদনের পর এবার দুদিনের রিমান্ড চেয়েছে ডিবি পুলিশ। ৭ এপ্রিল মঙ্গলবার মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের লালবাগ জোনাল টিমের পরিদর্শক মোহসীন উদ্দীন এ আবেদন করেছেন। এ বিষয়ে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জুয়েল রানার আদালতে শুনানি হবে।রিমান্ড আবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা ও আসামি শিরিন শারমিন চৌধুরীসহ অন্যান্য আসামিরা রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণে কুশিলব ছিল।তাদের সিদ্ধান্ত পরিকল্পনায় পরোক্ষ ও প্রত্যক্ষ নির্দেশে এই মামলার ঘটনা ঘটেছে মর্মে জানা যায়। পলাতক আসামিসহ মামলার ঘটনা সংক্রান্তে জিজ্ঞাসাবাদ করলে তিনি কৌশলে প্রশ্নের উত্তর এড়িয়ে যান। আসামিকে পুলিশ হেফাজতে এনে মামলার ঘটনা সংক্রান্তে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদ করলে মামলার পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেপ্তার এবং মামলার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় তথ্য পাওয়ার সমূহ সম্ভাবনা রয়েছে। আসামি জামিনে মুক্তি পেলে চিরতরে পলাতক হওয়াসহ মামলা তদন্তে বিঘ্ন ঘটানোর সম্ভাবনা রয়েছে।মামলার সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের স্বার্থে পলাতক আসামিদের অবস্থান নির্ণয় করাসহ গ্রেপ্তার এবং মামলার রহস্য উদঘাটনে প্রয়োজনীয় সাক্ষ্য প্রমাণ সংগ্রহের জন্য শিরীন শারমিন চৌধুরীকে পুলিশ হেফাজতে নিবিড় ও ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য দুই দিনের পুলিশ রিমান্ড প্রয়োজন।
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:৪৯:৩৩
কড়া নিরাপত্তায় আদালতে সাবেক স্পিকার শিরীন শারমিন
হত্যাচেষ্টার মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে কড়া নিরাপত্তার মধ্যে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়েছে।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুরে তাকে আদালতের হাজতখানায় রাখা হয়।রাজধানীর লালবাগে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় দায়ের করা হত্যাচেষ্টা ও ভাঙচুরের মামলায় গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীকে আদালতে নেওয়া হয়।দুপুর ১টা ৫৫ মিনিটে কড়া নিরাপত্তার মধ্যে পুলিশী পাহারায় তাকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের হাজতখানায় নেওয়া হয়। এ সময় আদালত প্রাঙ্গণে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।এর আগে ভোর সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি বাসা থেকে তাকে আটক করা হয়। পরে ডিবি কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে তাকে আদালতে সোপর্দ করা হয়।ডিবির অতিরিক্ত পুলিশ কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, ডিএমপির লালবাগ থানার একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। মামলাটি বৈষম্যবিরোধী আন্দোলনের সময় হত্যাচেষ্টা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা হয়।মামলার বাদী মো. আশরাফুল। এতে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ একাধিক ব্যক্তিকে আসামি করা হয়। এ মামলায় শিরীন শারমিন চৌধুরী ৩ নম্বর আসামি।ডিএমপির উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) এন এম নাসিরুদ্দিন জানান, তার বিরুদ্ধে আরও কয়েকটি মামলা রয়েছে এবং সেগুলোর তদন্ত চলছে।উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের পর আওয়ামী লীগ সরকারের পতনের প্রেক্ষাপটে দলটির শীর্ষ নেতাদের অনেকেই আত্মগোপনে চলে যান। সে সময় থেকে প্রকাশ্যে দেখা যায়নি শিরীন শারমিন চৌধুরীকে।২০০৯ সালে সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য হিসেবে রাজনীতিতে আসা শিরীন শারমিন ২০১৩ সালে দেশের প্রথম নারী স্পিকার নির্বাচিত হন। টানা তিন মেয়াদে তিনি স্পিকারের দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা দেশত্যাগের পর ২ সেপ্টেম্বর তিনি স্পিকার পদ থেকে পদত্যাগ করেন।
শহরের সাতমাথার ‘বীরশ্রেষ্ঠ স্কয়ার’। নির্বাচনে প্রতিদ্বন্দ্বী দুই প্রার্থীর ব্যানার ও প্যানায় গোল চত্বরটি কয়েক স্তরে এমনভাবে ঢেকে ফেলা হয়েছে, যাতে মাদকসেবী ও অপরাধীদের অভয়ারণ্যে পরিণত হয়েছে। ভিতরের গোল চত্বরটি সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ায়, রাতের সাথে দিনের বেলাতেও চলছে বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকান্ড।সরেজমিনে দেখা গেছে, ‘বীরশ্রেষ্ঠ স্কয়ার’টিকে ঘিরে স্টেইনলেস স্টিল (এসএস) বার দিয়ে নতুন করে যে নিরাপত্তা বেষ্টনিটি তৈরি করা হয়েছে তার চারপাশে বিএনপি প্রার্থী রেজাউল করিম বাদশা ও জামায়াত প্রার্থী আবিদুর রহমানের ব্যানার দিয়ে ঘিরে ফেলে ভিতরের অংশটিকে ঢেকে ফেলা হয়েছে।ভিতরের ফাঁকা অংশটি সম্পূর্ণ লোকচক্ষুর আড়ালে চলে যাওয়ায় মাদকসেবী কিশোর-কিশোরীরা অবাধে এখানে মাদকসেবনসহ অসামাজিক কাজে লিপ্ত হচ্ছে। দিনের বেলায় এসব অপরাধমূলক কর্মকান্ড চললেও তা থেকেই যাচ্ছে সবার আড়ালে।সন্ধ্যা থেকে রাত যতো গভীর হয় এখানে অপরাধের ধরণ ততো পাল্টে যায়। আর এসব কিশোর-কিশোরী শহরজুড়ে প্রকাশ্যে মাদকসেবন পর আড়াল পেয়ে তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। রাতে এখানে অসামাজিক কার্যকলাপ চালানোরও অভিযোগ রয়েছে।শহরের প্রাণকেন্দ্রে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ অন্যান্য বাহিনী তৎপর থাকলেও এসব অপরাধমূলক কর্মকান্ড চলায় জনমনে তা প্রশ্ন তুলেছে। উল্লেখ্য, উত্তরাঞ্চলের প্রবেশদ্বার খ্যাত বগুড়া জেলার প্রাণকেন্দ্র সাতমাথা। বগুড়া শহরের বিভিন্ন এলাকা ও উত্তরের অনেক জেলার সংযোগ রাস্তাও যুক্ত হয়েছে সাতমাথার সাতটি রাস্তার মাধ্যমে।ইতিহাস, ঐতিহ্য আর সংস্কৃতির চারণভূমি সাতমাথার সৌন্দর্য্য বাড়ানোর জন্য জোট সরকারের আমলে সড়ক ও জনপদ বিভাগ ৫০ লাখ টাকা ব্যয়ে এখানে নির্মাণ করে ‘বীরশ্রেষ্ঠ স্কয়ার’। ২০০৪ সালের ২৬ মার্চের প্রথম প্রহরে বিএনপির তৎকালীন সিনিয়র যুগ্ম মহাসচির তারেক রহমান এটির উদ্বোধন করেন।
৭ এপ্রিল ২০২৬ বিকাল ০৩:২১:৪২
মার্কিন বিমান ধ্বংসের নতুন ভিডিও প্রকাশ
ইরানের ইস্পাহান প্রদেশে ভূপাতিত মার্কিন সি-১৩০ সাপোর্ট বিমানের ধ্বংসাবশেষের ভিডিও প্রকাশ করেছে ইরানি পুলিশ (ফরাজা)। ইরানের দাবি, ভূপাতিত ওই কার্গো বিমানটির পাইলট ছিলেন একজন নারী। সোমবার (৬ এপ্রিল) ইরানের তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।ইরানি পুলিশের বিশেষ বাহিনী জানিয়েছে, গতকাল সোমবার দক্ষিণ ইস্পাহান অঞ্চলে অনুপ্রবেশকারী মার্কিন বাহিনীর একটি সাপোর্ট বিমান তাদের গোলার আঘাতে ধ্বংস হয়। স্থানীয় সূত্রগুলো আগেই বিমানটি বিধ্বস্ত হওয়ার খবর দিয়েছিল। ফরাজা সেই অভিযানের নতুন চিত্র ও বিমান থেকে উদ্ধারকৃত সরঞ্জামাদির ভিডিও গণমাধ্যমে প্রকাশ করে।ভিডিওতে দেখা যায়, বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষের পাশাপাশি পাইলটের ব্যবহৃত ব্যক্তিগত নথি, পরিচয়পত্র ও কিছু সামরিক সরঞ্জাম ছড়িয়ে ছিটিয়ে আছে। প্রকাশিত নথিপত্র বিশ্লেষণ করে ইরান দাবি করছে, বিমানটি পরিচালনার দায়িত্বে ছিলেন একজন মার্কিন নারী পাইলট। তবে ওই পাইলট বর্তমানে জীবিত না কি নিহত- সে বিষয়ে ফরাজা স্পষ্ট করে কিছু জানায়নি।বিশ্লেষকরা মনে করছেন, এই ভিডিও প্রকাশের মাধ্যমে ইরান তাদের আকাশসীমার নিরাপত্তা নিশ্চিতকরণে পুলিশের বিশেষ বাহিনীর সক্ষমতা ও প্রস্তুতির প্রমাণ দিতে চাইছে। যদিও ওয়াশিংটনের পক্ষ থেকে এখন পর্যন্ত এই ভিডিও বা নারী পাইলটের নিখোঁজ হওয়ার বিষয়ে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৫১:৩৭
গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলের ৫ দিনের কর্মসূচি
সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করে গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে দেশব্যাপী পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামীসহ ১১ দলীয় জোট।মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় মগবাজারের আল-ফালাহ মিলনায়তনে ১১ দলীয় ঐক্যের আয়োজিত সংবাদ সম্মেলনে বাংলাদেশ খেলাফত মজলিশের আমির মাওলানা মামুনুল হক এ কর্মসূচি ঘোষণা করেন।কর্মসূচি ঘোষণা করে তিনি বলেন, আগামী ৯ এপ্রিল থেকে লিফলেট বিতরণ ও গণসংযোগ কর্মসূচি পালিত হবে। ১৩ এপ্রিল পর্যন্ত সারাদেশে এ কর্মসূচি চলবে। এছাড়া ১১ এপ্রিল দেশের সব মহানগরে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। ১২ এপ্রিল সব জেলায় বিক্ষোভ কর্মসূচি এবং ১৩ এপ্রিল ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জাতীয় সেমিনার অনুষ্ঠিত হবে।মামুনুল হক আরও বলেন, দুর্ভাগ্যজনকভাবে সরকার গণভোটের রায় বাস্তবায়ন না করে নানা ধরনের ছলচাতুরি করছে। তারা সুস্পষ্টভাবে মানুষের ম্যান্ডেটকে অপমান করেছে।তিনি বলেন, দায়িত্বশীল অবস্থান থেকে বিরোধী দল চুপ থাকতে পারে না। ফ্যাসিবাদের এই প্রত্যাবর্তন আমরা রুখে দেব। আমরা গণভোটের রায় যেভাবেই হোক কার্যকর করব। এই দাবির পক্ষে অব্যাহত কর্মসূচি চালিয়ে যাওয়া হবে।এর আগে সকাল ১০টা থেকে সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান, গণভোটের রায় বাস্তবায়ন ও জ্বালানি সংকট নিরসনের দাবিতে নির্বাচনী ঐক্যভুক্ত ১১ দলের শীর্ষ নেতারা বৈঠক করেন।
৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৮:৩৪
গুম অধ্যাদেশ অপ্রয়োজনীয় ছিল: চিফ প্রসিকিউটর
গুম অধ্যাদেশ আইন অপ্রয়োজনীয় ছিল বলে উল্লেখ করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।তিনি বলেন, গুম অধ্যাদেশের আওতাধীন যে অপরাধটি ছিল, এরই মধ্যে ট্রাইব্যুনাল আইনে সেটি সংবিধিবদ্ধ ছিল। এ আইনে যে গুমের অভিযোগ বিচারের এখতিয়ার ছিল, সেখানে আরেকটি আইন ও ট্রাইব্যুনাল গঠন করার প্রয়োজনীয়তা ছিল বলে আমার কাছে মনে হয়নি। অর্থাৎ গুমের বিচার ট্রাইব্যুনাল আইনেই সম্ভব।মঙ্গলবার (৭ এপ্রিল) নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। চিফ প্রসিকিউটর বলেন, গুম অধ্যাদেশ যদি বাতিল হয়ে থাকে এবং ট্রাইব্যুনাল আইনের সঙ্গে ট্যাগ করে দেওয়া হয়, তাহলে আইনমন্ত্রী ও সংসদ সদস্যদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কারণ এই গুম অধ্যাদেশটা একটি অপ্রয়োজনীয় আইন ছিল বলে আমরা কাছে মনে হয়েছে।তিনি বলেন, ট্রাইব্যুনাল আইনের সঙ্গে একীভূত হওয়াটা ভালো কাজ হয়েছে। এটি সঠিক ও যথার্থ হয়েছে বলেও মনে করেন চিফ প্রসিকিউটর।এদিকে, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে গুমের বিচারের পথ প্রশস্ত করতে ‘ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস (সংশোধন) বিল ২০২৬’ জাতীয় সংসদে পাস হয়েছে আজ। এই সংশোধনীর মাধ্যমে গুমকে ‘মানবতাবিরোধী অপরাধ’ হিসেবে সংজ্ঞায়িত করা হয়েছে। সংসদ অধিবেশনে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান বিলটি উত্থাপন করলে তা কণ্ঠভোটে পাস হয়।
৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪৫:২৬
বগুড়া র্যাব-১২ এর অভিযানে এলপিজি সিলিন্ডারে লুকানো ৬৫ কেজি গাঁজা উদ্ধার, গ্রেফতার ৩
বগুড়ায় র্যাব-১২ এর সিপিএসসি টিমের অভিযানে অভিনব কৌশলে সংরক্ষিত ৬৫ কেজি গাঁজা ও ৪ লিটার দেশীয় কেরু মদ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় তিনজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।র্যাব সূত্রে জানা যায়, মঙ্গলবার (৭ এপ্রিল ২০২৬) রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তথ্যপ্রযুক্তির সহায়তায় বগুড়া সদর থানার চকসূত্রাপুর এলাকায় শ্রী সনি বাসফোরের বসতবাড়িতে অভিযান পরিচালনা করা হয়। এ সময় বাড়ির চারটি রান্নাঘরে রাখা সাতটি এলপিজি সিলিন্ডারের ভেতরে সুকৌশলে লুকিয়ে রাখা ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পাশাপাশি ৪ লিটার দেশীয় কেরু মদও জব্দ করা হয়।
৭ এপ্রিল ২০২৬ দুপুর ০২:৪০:৫২
আমিরাতে ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ
সংযুক্ত আরব আমিরাত ইসলামী ক্যালেন্ডার অনুযায়ী জিলহজ মাসের চাঁদ দেখার ওপর ভিত্তি করে পবিত্র আরাফাত দিবস ও ঈদুল আজহার সম্ভাব্য তারিখ ঘোষণা করেছে। চলতি বছর পবিত্র হজ ও ঈদুল আজহাকে কেন্দ্র করে সম্ভাব্য তারিখ বিবেচনায় নিয়ে ছয় দিনের সরকারি ছুটি অনুমোদন করেছে সংযুক্ত আরব আমিরাতের মন্ত্রিসভা।আমিরাত সরকার জানিয়েছে, চাঁদ দেখার ওপর নির্ভর করে আরবি বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ শুরু হতে পারে আগামী ১৮ মে। এ মাসের ১০ তারিখে ঈদুল আজহা পালিত হয়, আর এর আগের দিন আরাফাত দিবস হিসেবে পরিচিত, যেদিন হজের প্রধান আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এবং মুসল্লিরা আরাফাতের ময়দানে অবস্থান করেন।এই হিসাব অনুযায়ী, পবিত্র হজ অনুষ্ঠিত হতে পারে ২৬ মে (মঙ্গলবার), এবং পরদিন ২৭ মে (বুধবার) ঈদুল আজহা পালিত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ সম্ভাব্য সময়সূচি ধরেই ছুটির সিদ্ধান্ত নিয়েছে দেশটির মন্ত্রিসভা।সংযুক্ত আরব আমিরাতে সাপ্তাহিক ছুটি থাকে শনি ও রবিবার, যা পড়ছে ৩০ ও ৩১ মে। এ ছাড়া ২৬ মে হজের দিন ছুটি থাকবে, এবং ২৭ থেকে ২৯ মে পর্যন্ত ঈদুল আজহার ছুটি নির্ধারণ করা হয়েছে।সব মিলিয়ে ২৬ মে থেকে ৩১ মে পর্যন্ত মোট ছয় দিনের টানা সরকারি ছুটি উপভোগ করবেন দেশটির নাগরিকরা।
৭ এপ্রিল ২০২৬ দুপুর ০১:০০:২২
বুধবার অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরে আসছে
দেশের জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে মালয়েশিয়া থেকে মোট ৫১ হাজার মেট্রিক টন অকটেন ও ফার্নেস অয়েল নিয়ে দুটি জাহাজ চট্টগ্রাম বন্দরের পথে রয়েছে। বুধবার (৮ এপ্রিল) জাহাজ দুটি বন্দরের বহির্নোঙরে পৌঁছানোর কথা রয়েছে।মালয়েশিয়া থেকে প্রায় ২৬ হাজার টন পরিশোধিত অকটেন নিয়ে আসছে ‘এমটি সেন্ট্রাল স্টার’ নামের জাহাজ। একই দিনে, ২৫ হাজার মেট্রিক টন ফার্নেস অয়েল নিয়ে ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের আরও একটি জাহাজ দেশে আসছে। বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) সহকারী ব্যবস্থাপক (গণসংযোগ) ফারজিন হাসান মৌমিতা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। অতিরিক্ত দামে পেট্রোল বিক্রি, দুই ব্যবসায়ীকে জরিমানা এদিকে, চট্টগ্রাম বন্দরে আগেই এলএনজি ও এলপিজি বহনকারী দুটি জাহাজ পৌঁছেছে। ‘কুল ভয়েজার’ নাইজেরিয়া থেকে এলএনজি এবং ‘গ্যাস জার্নি’ চীন থেকে এলপিজি নিয়ে এসেছে। শিগগিরই এসব জ্বালানি খালাস শুরু হবে।এরই অংশ হিসেবে ২৬ হাজার টন অকটেন ও ২৫ হাজার টন ফার্নেস অয়েল আনা হচ্ছে। ‘এমটি ইস্টার্ন কুইন্স’ নামের ফার্নেস অয়েলবাহী জাহাজটিও বুধবার চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে আসার কথা রয়েছে।চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানান, জাহাজ দুইটির শেষ পোর্ট ছিল যথাক্রমে নাইজেরিয়া ও চীন।
৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৭:০৯
বিশ্ববাজারে তেলের দাম বাড়ছে লাফিয়ে লাফিয়ে
ট্রাম্পের হুঁশিয়ারির পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধির আশঙ্কায় আন্তর্জাতিক বাজারে তেলের দাম আবারও ঊর্ধ্বমুখী হয়েছে। বিনিয়োগকারীদের উদ্বেগের মধ্যে ব্রেন্ট ও যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ব্যারেলপ্রতি ১১০ ডলারের কাছাকাছি অবস্থান করছে। বাজারে মঙ্গলবার ব্রেন্ট ক্রুডের দাম ০.৪ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ১১০.১৯ ডলারে পৌঁছেছে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট তেলের দাম ০.৮ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১১৩.৩১ ডলার।বাজার বিশ্লেষকেরা বলছেন, মধ্যপ্রাচ্যের চলমান সংঘাত এবং সরবরাহব্যবস্থা ব্যাহত হওয়ার আশঙ্কাই মূলত তেলের দাম বাড়ার পেছনে কাজ করছে। বিশেষ করে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহপথ হরমুজ প্রণালিকে ঘিরে অনিশ্চয়তা পরিস্থিতিকে আরো জটিল করে তুলেছে।মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি চালু করতে ইরানকে সময়সীমা বেঁধে দেওয়ায় উত্তেজনা আরো বেড়েছে। সময়সীমা শেষ হওয়ার আগে কোনো সমাধান না এলে পরিস্থিতি আরো অবনতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।
৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫৪:৩০
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে: জ্বালানিমন্ত্রী
বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেনম মধ্যপ্রাচ্যে চলমান সংকটের মধ্যেও দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুদ আছে বলে জানিয়েছেন। ৭ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদ অধিবেশনে বক্তব্য দেওয়ার সময় তিনি এ কথা বলেন।জ্বালানিমন্ত্রী বলেন, ‘মজুদ থাকা জ্বালানির মধ্যে সবচেয়ে বেশি রয়েছে ডিজেল। এর পরিমাণ ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এ ছাড়া অকটেনের ১০ হাজার ৫০০ এবং পেট্রল ১৬ হাজার টন মজুদ রয়েছে।’এপ্রিলে আরো জ্বালানি আসার তথ্যও উপস্থাপন করেন তিনি। সেই সঙ্গে জানান, অবৈধ মজুদ বন্ধে, ৩ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ৩৪২টি অভিযান পরিচালনা করা হয়েছে। উদ্ধার করা হয়েছে ৪০ লাখ ৪৮ হাজার ৪৫৬ লিটার জ্বালানি।তেলের দাম বৃদ্ধি প্রসঙ্গে সংসদে জ্বালানি মন্ত্রী বলেন, ‘জ্বালানি তেলের দাম সমন্বয় করে গত মাসে দাম বৃদ্ধি করেনি সরকার। তবে মে মাসের জ্বালানির দাম নিয়ে কাজ করা হচ্ছে। মন্ত্রিপরিষদে আলোচনা করে, প্রয়োজন করলেই শুধু দাম বৃদ্ধি পাবে।’
৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৫০:৪৫
করোনা ভ্যাকসিন ক্রয়ে ৪ হাজার ৩৯৪ কোটি টাকা ব্যয় হয়েছে: স্বাস্থ্যমন্ত্রী
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বলেছেন, দেশে করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিন কেনায় এখন পর্যন্ত ৪ হাজার ৩৯৪ কোটি টাকার বেশি ব্যয় হয়েছে।৫ এপ্রিল মঙ্গলবার জাতীয় সংসদের ত্রয়োদশ অধিবেশনের দশম দিনে ফেনী-২ আসনের সংসদ সদস্য জয়নাল আবদিনের এক লিখিত প্রশ্নের জবাবে এ তথ্য দেন স্বাস্থ্যমন্ত্রী। মন্ত্রী জানান, করোনা মহামারি মোকাবিলায় ভ্যাকসিনসহ বিভিন্ন সরঞ্জাম আমদানি ও কেনাকাটার জন্য ২০২০-২১ অর্থবছর থেকে মোট ৪ হাজার ৬৮৫ কোটি ২২ লাখ টাকার বেশি বরাদ্দ দেওয়া হয়। এর মধ্যে এখন পর্যন্ত ভ্যাকসিন কেনাতেই ব্যয় হয়েছে ৪ হাজার ৩৯৪ কোটি ৮ লাখ ২৫ হাজার টাকা।ভ্যাকসিন কার্যক্রমের অন্যান্য খাতেও উল্লেখযোগ্য ব্যয়ের তথ্য তুলে ধরেন তিনি। সিরিঞ্জ কেনায় খরচ হয়েছে ৩০ কোটি ৮৮ লাখ ৮০ হাজার টাকা। এছাড়া ভ্যাকসিন পরিবহন বাবদ ১৯ কোটি ৫৭ লাখ ৩ হাজার ৩৫৪ টাকা এবং সিরিঞ্জ শিপিং ও চার্জ হিসেবে ব্যয় হয়েছে প্রায় ৯৯ লাখ ৭৮ হাজার ৯৮০ টাকা।ভ্যাকসিন আমদানিতে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ পর্যন্ত এ ধরনের কোনো সুনির্দিষ্ট অভিযোগ পাওয়া যায়নি। তবে সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ এবং কোনো অনিয়মের তথ্য পাওয়া গেলে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।সরকারের সময়োপযোগী পদক্ষেপের কারণে দেশ দ্রুত করোনা পরিস্থিতি থেকে স্বাভাবিক অবস্থায় ফিরতে পেরেছে বলেও উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী।
৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৮:০০
গাজীপুরে সংরক্ষিত নারী আসনে এগিয়ে কে এই দিলারা সেতু?
গাজীপুরে জন্ম হলেও জাতীয়তাবাদী আদর্শ সবসময় বিরাজ করে এই নারী নেত্রীর মনে। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে আইনজীবী হলেও আইনের মারপ্যাচে ছিলেন রাজনীতিতে কোনঠাসা, তার পরেও দাবিয়ে রাখতে পারেনি এই নারী নেত্রীকে। স্থানীয়দের মতে, গাজীপুরে সাধারণ আসনের মধ্যে নারী প্রতিনিধিত্ব নিশ্চিত করতে সংরক্ষিত নারী আসনে একজন দক্ষ, মেধাবী, দৃঢ়চেতা নেত্রী দরকার। তাছাড়াও দীর্ঘ সময় ধরে গাজীপুর থেকে সংরক্ষিত নারী আসনে প্রতিনিধি থাকলেও সাধারণ জনগণের প্রত্যাশা পুরণে ব্যর্থ গাজীপুর জেলা। প্রায় ১ দশকেরও বেশি সময় ধরে রাজনীতিতে সক্রিয় অ্যাডভোকেট দিলারা সুলতানা সেতু। বাংলাদেশ জাতীয়তাবাদী পেশাজীবি দলের কেন্দ্রীয় সহ সভাপতি, গাজীপুর মহানগর বিএনপির সাবেক সফল সদস্য ও জাতীয়তাবাদী আইনজীবী সমিতির সাবেক কার্যনির্বাহী সদস্য হিসেবে দলের প্রতি অসামান্য অবদান রেখেছেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে ২০০৯ সাল থেকে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় ভুমিকা রেখে যাচ্ছেন। বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে মিথ্যা মামলা, হামলা, জেল জুলুমের শিকার হতে হয়েছে এই নেত্রী ও তার পরিবারকে। ছিলেন দলের সিদ্ধান্তে সকল প্রোগ্রামের সামনের সারিতে। শুধু যে পরিবারে তিনি একাই রাজনীতি করেন তা নয়। তার পরিবারের সবাই বিএনপি আদর্শের মূর্ত প্রতীক।স্থানীয়দের মতে, দলের কঠিন দুঃসময়েও সেতুসহ তার পরিবার রাজপথে সক্রিয় ছিলেন। জনস্বার্থে কাজ করার কারণে সাধারণ মানুষের মধ্যে তার একটি আলাদা গ্রহণযোগ্যতাও রয়েছে। তাই তৃণমূলের মানুষ বিশেষ করে মহিলা দল ও সাধারণ মানুষ আশাবাদী দল তাকেই সংরক্ষিত নারী আসনের জন্য সুযোগ দেবেন। দিলার সুলতানা বলেন, আমি গাজীপুরের অবহেলিত সকল নারীদের কণ্ঠস্বর হতে চাই। সংরক্ষিত নারী আসনে সুযোগ পেলে মানুষের অধিকার রক্ষা,বাঙালি সম্প্রীতি, নারী উন্নয়ন ও এলাকার অগ্রগতির জন্য কাজ করে যাবো।
৭ এপ্রিল ২০২৬ দুপুর ১২:৪৪:০৩
আদালতে তোলা হচ্ছে গ্রেপ্তার সাবেক স্পিকার শিরীন শারমিনকে
জাতীয় সংসদের সাবেক স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীকে ৭ এপ্রিল মঙ্গলবার ( দুপুরের দিকে ঢাকার আদালতে তোলা হবে বলে জানিয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ৪টার দিকে রাজধানীর ধানমন্ডির ৮/এ রোডের একটি আত্মীয়র বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। ডিবির অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানান, বর্তমানে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং সেখানে প্রাথমিক জিজ্ঞাসাবাদ চলছে। সাবেক এই স্পিকারের বিরুদ্ধে রংপুরের স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন হত্যা মামলা ছাড়াও রাজধানীর উত্তরা ও বনানী থানায় আরও বেশ কয়েকটি মামলা রয়েছে এবং ঢাকার যেকোনো একটি মামলায় তাকে গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হবে।২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকেই ড. শিরীন শারমিন চৌধুরী জনসমক্ষ থেকে আড়ালে চলে গিয়েছিলেন। দীর্ঘ সময় ধরে তার অবস্থান নিয়ে নানা গুঞ্জন ও বিতর্ক থাকলেও শেষ পর্যন্ত আজ ভোররাতে ধানমন্ডির সেই গোপন আস্তানা থেকেই তাকে আটক করতে সক্ষম হয় ডিবি। ডিবির পক্ষ থেকে জানানো হয়েছে, তাকে জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড চাওয়া হবে কি না, সে বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে গত বছর ছাত্র-জনতার আন্দোলনের সময় সংঘটিত বিভিন্ন সহিংসতার ঘটনায় তার সম্পৃক্ততার বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। ৫ আগস্টের পর তিনি দেশে আছেন নাকি বিদেশে পালিয়ে গেছেন, তা নিয়ে দীর্ঘস্থায়ী রহস্যের অবসান ঘটল এই গ্রেপ্তারের মধ্য দিয়ে।শিরীন শারমিন চৌধুরীর বিরুদ্ধে সবচেয়ে আলোচিত মামলাটি হলো রংপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে নিহত স্বর্ণশ্রমিক মুসলিম উদ্দিন (৩৮) হত্যা মামলা। ২০২৪ সালের ২৭ আগস্ট রংপুর মেট্রোপলিটন কোতোয়ালি আমলি আদালতে নিহত শ্রমিকের স্ত্রী দিলরুবা আক্তার এই মামলাটি দায়ের করেছিলেন। মামলার এজাহার অনুযায়ী, সিটি বাজার এলাকায় পুলিশ ও আওয়ামী লীগ নেতাকর্মীদের সঙ্গে ছাত্র-জনতার সংঘর্ষের সময় পুলিশের এলোপাতাড়ি গুলিতে মুসলিম উদ্দিন নিহত হন। পরবর্তীতে আসামিদের চাপে ময়নাতদন্ত ছাড়াই তড়িঘড়ি করে মরদেহ দাফন করতে বাধ্য হয়েছিল তার পরিবার। এই মামলায় শিরীন শারমিন চৌধুরী ছাড়াও আরও ১৬ জনকে আসামি করা হয়েছে।রংপুরের সেই হত্যা মামলা ছাড়াও সাবেক এই স্পিকারের বিরুদ্ধে ঢাকার বিভিন্ন থানায় আরও অন্তত ৬টি মামলা রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গেছে। ২০০৮ সালে আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে টানা চার মেয়াদে স্পিকারের দায়িত্ব পালন করা শিরীন শারমিন চৌধুরী গত ২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে পদত্যাগ করেন। ৫ আগস্ট সরকার পতনের রাতে তিনি সংসদ ভবনের একটি গোপন কক্ষে আশ্রয় নিয়েছিলেন এবং পরে সেনাবাহিনীর সহায়তায় নিরাপদ স্থানে সরে গিয়েছিলেন বলে জানা যায়। আজকের আদালতে তোলার প্রক্রিয়াকে কেন্দ্র করে আদালত চত্বরে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। দেশের রাজনৈতিক প্রেক্ষাপটে সাবেক এই শীর্ষ সাংবিধানিক পদধারীর গ্রেপ্তার ও বিচার প্রক্রিয়া অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।