আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ : ২৩ নভেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০১
ফের বাড়তে শুরু করেছে স্বর্ণের দাম
বিশ্ববাজারে টানা দরপতনের পর আবারও ঘুরে দাঁড়িয়েছে স্বর্ণের দাম। গত সপ্তাহে ১৪ মাসের মধ্যে সর্বনিম্ন পর্যায়ে নেমে যাওয়ার পর মূল্যবান এই ধাতুর দাম ২ শতাংশের বেশি বেড়েছে। মার্কিন ডলারের দর কিছুটা কমে আসা এবং যুক্তরাষ্ট্রের নতুন মূল্যস্ফীতির তথ্য প্রকাশের অপেক্ষায় বিনিয়োগকারীদের সতর্ক অবস্থানের কারণে স্বর্ণের বাজারে এই উত্থান দেখা গেছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার (২৩ নভেম্বর) বাংলাদেশ সময় দুপুর ২টা ২৫ মিনিটে (জিএমটি ০৮২৫) আন্তর্জাতিক বাজারে স্পট গোল্ডের দাম ২ দশমিক ১ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৩ হাজার ৬০৪ দশমিক ৭৯ ডলারে দাঁড়িয়েছে।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের স্বর্ণের ফিউচার মূল্য ২ দশমিক ৫ শতাংশ বেড়ে ৩ হাজার ৬০৪ দশমিক ২০ ডলারে লেনদেন হচ্ছে।
এর আগে গত সপ্তাহে স্বর্ণের দাম প্রায় ৯ শতাংশ কমে ২০২৬ সালের মার্চের পর এটিই ছিল এক সপ্তাহে স্বর্ণের সবচেয়ে বড় দরপতন। এতে শুক্রবার ২০২৫ সালের সেপ্টেম্বরের পর সর্বনিম্ন পর্যায়ে নেমে গিয়েছিল।
যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের সুদের হার বাড়ানোর সম্ভাবনা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের শেয়ারবাজারে বড় ধরনের দরপতন স্বর্ণের ওপর চাপ তৈরি করেছিল। শেয়ারবাজারে লোকসান সামাল দিতে কিছু বিনিয়োগকারী স্বর্ণ বিক্রি করে নগদ অর্থ সংগ্রহ করেন।
তবে সোমবার পরিস্থিতিতে কিছুটা পরিবর্তন এসেছে। ১৯ মাসের সর্বোচ্চ অবস্থান থেকে মার্কিন ডলারের দর কিছুটা কমে আসায় স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়েছে।
বাজার বিশ্লেষকরা বলছেন, সাধারণত ডলারের দর কমলে অন্যান্য মুদ্রার ব্যবহারকারীদের জন্য ডলারে মূল্য নির্ধারিত স্বর্ণ কেনা তুলনামূলক সস্তা হয়। এতে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের চাহিদা বাড়ে। তবে স্বর্ণের সাম্প্রতিক উত্থানকে এখনই দীর্ঘমেয়াদি ঊর্ধ্বমুখী প্রবণতার শুরু হিসেবে দেখার সুযোগ নেই।
ইউবিএসের বিশ্লেষক জিওভান্নি স্তাউনোভো বলেন, ‘গত সপ্তাহের বড় দরপতনের পর সোমবার স্বর্ণের এই উত্থানকে বাজারের স্থিতিশীল হওয়ার প্রচেষ্টা হিসেবে দেখা যেতে পারে। ডলারের দুর্বলতাও স্বর্ণের দাম বাড়াতে সহায়তা করেছে। তবে স্বল্পমেয়াদে বাজারে অস্থিরতা থাকার আশঙ্কা রয়েছে’।
এদিকে স্বর্ণের দামের পরবর্তী গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যুক্তরাষ্ট্রের মূল্যস্ফীতির তথ্য।
আগামী বুধবার দেশটির অক্টোবর মাসের পারসোনাল কনজাম্পশন এক্সপেনডিচারস (পিসিই) সূচকের তথ্য প্রকাশের কথা রয়েছে। দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ (ফেড) মূল্যস্ফীতি পরিমাপের ক্ষেত্রে এই সূচককে বিশেষ গুরুত্ব দেয়।
সুদের হার বাড়লে স্বর্ণের মতো কোনো সুদ বা মুনাফা না দেওয়া সম্পদে বিনিয়োগের আকর্ষণ কমে যায়। বিপরীতে সুদের হার বাড়ানোর সম্ভাবনা কমলে স্বর্ণের বাজারে ইতিবাচক প্রভাব পড়তে পারে।
এদিকে স্বর্ণের সঙ্গে অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। সোমবার স্পট সিলভারের দাম ২ দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪২ দশমিক ৩০ ডলারে দাঁড়িয়েছে। প্লাটিনামের দাম ১ দশমিক ১ শতাংশ বেড়ে ১ হাজার ৩১১ দশমিক ৫১ ডলার এবং প্যালাডিয়ামের দাম দশমিক ৮ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৮৯৯ দশমিক ৭৩ ডলারে লেনদেন হচ্ছে।
সূত্র: রয়টার্স